প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা-১৪: ভোটকেন্দ্রে শান্তি, তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা না থাকার উদ্বেগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার গণভোটের সকালে ঢাকা-১৪ আসনে ভোটকেন্দ্রের শান্তিপূর্ণ পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মীর আহমাদ বিন কাসেম আরমান। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা না থাকার বিষয়কে তিনি বড় উদ্বেগের বিষয় হিসেবে দেখেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালেই রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর আহমাদ বিন কাসেম আরমান জানান, ভোট গ্রহণের পরিবেশ উৎসবমুখর এবং শান্তিপূর্ণ। তিনি উল্লেখ করেন, ন্যাশনাল বাংলা কলেজ ও মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন এবং নারী ভোটারদের উল্লেখযোগ্য অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।তবে প্রার্থী জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন নিয়ে বড় উদ্বেগ রয়েছে। “নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ক্যামেরা বসানোর কথা থাকলেও স্থানীয় প্রভাবশালীদের বাধার কারণে কিছু স্থানে সিটি করপোরেশনের কর্মীরা ক্যামেরা না বসিয়েই ফিরে গেছেন,” তিনি অভিযোগ করেন। এছাড়া কিছু এলাকায় নির্বাচন পর্যবেক্ষক ও জামায়াতের সমর্থকদের হয়রানি করার ঘটনা ঘটেছে।মীর আহমাদ গণমাধ্যমকে বলেন, “নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে, তা ফলাফলের চেয়ে প্রক্রিয়ার ওপর নির্ভর করে। সিসিটিভি কভারেজ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উপস্থিতি, ভোটারদের হয়রানি না করা এবং ভোট গণনায় হস্তক্ষেপ না থাকলে যেকোনো ফলাফলই গ্রহণযোগ্য হবে।”
প্রার্থী সতর্ক করেছেন যে, গত রাতের কিছু বিশৃঙ্খলাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। তিনি সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট প্রদানে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেছেন।
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত