প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬
সৌদি আরবে পৌঁছেছেন ১৫ লক্ষাধিক হজযাত্রী: মক্কায় জুমা আদায় করলেন লাখো ধর্মপ্রাণ মুসলমান
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরুর প্রাক্কালে এ বছর এখন পর্যন্ত ১৫ লক্ষাধিক হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আজ শুক্রবার সৌদিতে আগত লাখো হজেচ্ছু ধর্মপ্রাণ মুসলমান পবিত্র কাবা শরিফে ঈদুল আজহার আগের শেষ জুমা আদায় করেছেন। সৌদি আরব সরকারের পক্ষ থেকে হজযাত্রীদের আগমন ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।পবিত্র হজের পুণ্যময় সফরকে কেন্দ্র করে বিশ্ব মুসলিমের মিলনমেলায় পরিণত হয়েছে সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা নগরী। শুক্রবার (২২ মে, ২০২৬) এক বিশেষ সংবাদ সম্মেলনে সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল সালেহ আল-মুরাব্বা চলমান হজের সার্বিক পরিস্থিতি ও তথ্য তুলে ধরেন। সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা 'এসপিএ' (SPA) এই খবরটি প্রকাশ করেছে।মেজর জেনারেল সালেহ আল-মুরাব্বা জানান, আজ পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১৫ লক্ষাধিক হজযাত্রী পবিত্র ভূমিতে এসে পৌঁছেছেন। আগত এই বিশাল জনগোষ্ঠীর যাতায়াত ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদিতে প্রবেশ করা হজযাত্রীদের সিংহভাগই ব্যবহার করেছেন আকাশপথ।আকাশপথ: ১.৪ মিলিয়নেরও (১৪ লাখ) বেশি হজযাত্রী বিমানে করে সৌদি আরবে অবতরণ করেছেন।স্থলপথ: বিভিন্ন প্রতিবেশী দেশ থেকে সড়কপথে প্রায় ৪৫ হাজার হজেচ্ছু মানুষ পবিত্র ভূমিতে এসেছেন।জলপথ: এ ছাড়া সমুদ্রপথ ব্যবহার করে জাহাজে চড়ে এসেছেন প্রায় ৬ হাজার হজযাত্রী।এর আগে গত ১৩ মে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ এক বিবৃতিতে জানিয়েছিলেন, সে সময় পর্যন্ত ৮ লক্ষ ৬০ হাজারের বেশি হজযাত্রী দেশে এসে পৌঁছেছিলেন। অর্থাৎ, গত ৯ দিনে প্রায় ৭ লাখ নতুন হজযাত্রী মক্কা ও মদিনায় যুক্ত হয়েছেন।এদিকে পবিত্র ঈদুল আজহা ও হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে আজকের শেষ জুমা আদায় করতে কাবা প্রাঙ্গণে লাখো মানুষের ঢল নামে। হজযাত্রীদের সুষ্ঠুভাবে ইবাদত বন্দেগি নিশ্চিত করতে সৌদি প্রশাসন সব ধরনের নিরাপত্তা ও সেবামূলক প্রস্তুতি সম্পন্ন করেছে।
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ