প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ চলাকালে স্পেনে মুসলিমবিদ্বেষ ও বর্ণবাদের শিকার লামিনে ইয়ামাল: চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
স্পেনে ফুটবল বিশ্বকাপ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হারে ইসলামফোবিয়া ও বর্ণবাদী আচরণ ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া গেছে। সরকারি পর্যবেক্ষণ সংস্থা OBERAXE-এর একটি প্রতিবেদনে উঠে এসেছে, জুন মাসে শনাক্ত হওয়া ৪০ হাজারেরও বেশি ঘৃণা ছড়ানো বার্তার বড় একটি অংশ ফুটবল অঙ্গন ঘিরে পরিচালিত হয়। এই নজিরবিহীন বিদ্বেষমূলক প্রচারণার অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন স্পেন জাতীয় দলের উদীয়মান তরুণ তারকা লামিনে ইয়ামাল।স্পেনের জাতীয় অভিবাসন সচিবালয়ের অধীনস্থ 'স্প্যানিশ অবজারভেটরি অন রেসিজম অ্যান্ড জেনোফোবিয়া' (OBERAXE) তাদের ২০২৬ সালের জুন মাসের সোশ্যাল মিডিয়া মনিটরিং বুলেটিন প্রকাশ করেছে। এতে দেখা যায়, জুনে সামাজিক নেটওয়ার্কে সংগৃহীত ঘৃণা ছড়ানো বার্তার প্রায় ১৬ শতাংশই সরাসরি ক্রীড়া ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিল। এতে করে ক্রীড়াঙ্গনটি স্পেনে ঘৃণা উসকে দেওয়ার অন্যতম প্রধান মাধ্যম হিসেবে চিহ্নিত হয়েছে।প্রতিবেদনে বিশেষভাবে উন্মোচিত হয়েছে স্প্যানিশ নাগরিক এবং বাবা সূত্রে মরক্কোর ও মা সূত্রে বিষুবীয় গিনির বংশোদ্ভূত তারকা ফুটবলার লামিনে ইয়ামালের ওপর নেমে আসা ধারাবাহিক সাইবার আক্রমণের তথ্য। প্রতিবেদনে বলা হয়, উগ্র গোষ্ঠীগুলোর মূল ক্ষোভের কারণ ছিল টুর্নামেন্টে নিজের প্রথম ও একমাত্র গোলটি উদযাপনের সময় ইয়ামালের দেওয়া ইসলামি রীতি অনুসরণীয় ‘সেজদা’। এই ধর্মীয় বিশ্বাসের বহিপ্রকাশের পরপরই তার পরিচয় ও স্প্যানিশ জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার অধিকার নিয়ে একের পর এক বিদ্বেষপূর্ণ মন্তব্য ছড়িয়ে দেওয়া হয়।OBERAXE-এর অনুসন্ধানে ইয়ামালকে লক্ষ্য করে "ঘৃণ্য আরব", "আরবদের ঠাঁই নেই", "সে স্প্যানিশ হওয়ার যোগ্য নয়" এবং "আমাদের শিকড়কে অপমান করা হয়েছে"—এমন নানাবিধ তীব্র মুসলিমবিদ্বেষী ও উগ্র বর্ণবাদী বক্তব্য সনাক্ত করা হয়েছে।পর্যবেক্ষক সংস্থা OBERAXE তাদের প্রতিবেদনে কঠোর মূল্যায়নে জানিয়েছে, "এই ঘটনাগুলো স্পষ্ট করে যে ক্রীড়াঙ্গন কীভাবে শুধুমাত্র নির্দিষ্ট কোনো অ্যাথলেটকে নয়, বরং তাদের সাথে সম্পর্কিত গোটা ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়কে আক্রমণ করার উর্বর ভূমিতে পরিণত হচ্ছে।"মানবাধিকার ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বিশ্বের বিভিন্ন প্রান্তে মাথাচাড়া দিয়ে ওঠা পশ্চিমা ডানপন্থী মুসলিমবিদ্বেষও এখন ক্রীড়াবিদদের ধর্মীয় স্বাধীনতাকে নিশানা করছে। একজন তরুণ মুসলিম অ্যাথলেটের প্রতি এমন আক্রমণ বৈশ্বিক ক্রীড়াঙ্গনে নিরাপত্তার প্রশ্নকে আরও জোরালো করে তুলেছে।
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ