প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি বিশেষ কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের বৈঠকের ফাঁকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের মধ্যে এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠকের শুরুতেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের জন্য পাঠানো একটি আন্তরিক বার্তা ও বিশেষ চিঠি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।আলোচনায় উভয় পক্ষই বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের গতিশীলতায় সন্তোষ প্রকাশ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সফর সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এসব সফর দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং বিভিন্ন উদীয়মান খাতসহ ঐতিহ্যবাহী বাণিজ্য ক্ষেত্রে ব্যাপক সমন্বয়ের সুযোগ তৈরি করেছে।বৈঠকে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি, আঞ্চলিক স্থিতিশীলতা ও মুসলিম বিশ্বের ঐক্য সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। এছাড়া খুব নিকট ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্ভাব্য আরও উচ্চপর্যায়ের কূটনৈতিক সফরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।প্রতিক্রিয়ায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ জোর দিয়ে বলেন, সৌদি আরবের পররাষ্ট্র নীতিতে বাংলাদেশকে অত্যন্ত অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে বিবেচনা করা হয়। তিনি দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও গভীর করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রিন্স ফয়সাল উল্লেখ করেন, বাংলাদেশের উদীয়মান বাজারে সৌদি কোম্পানিগুলোর আগ্রহ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তারা বাংলাদেশে বাণিজ্য বিস্তার ও নতুন বিনিয়োগে অত্যন্ত আগ্রহী।একই সাথে সৌদি পররাষ্ট্রমন্ত্রী দেশটির অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসী শ্রমিক ও বিশেষজ্ঞদের অবদানকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের মূল্যবান ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।বৈঠকের একপর্যায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।উচ্চপর্যায়ের এই দ্বিপক্ষীয় বৈঠকে সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম আল-খারেজি, ওআইসিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ