শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীদের নিয়ে নির্বাচনি কৌশল সভা: এককভাবে নির্বাচনে অংশগ্রহণের দাবি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঘোষিত সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে দলের নির্বাচন উপকমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মনোনীত প্রার্থীরা নির্বাচনি কর্মকৌশল নির্ধারণ করেন এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দলের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন উপকমিটির আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসুফী। সভা পরিচালনা করেন নির্বাচন উপকমিটির সদস্যসচিব ও দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক। সভায় প্রার্থীরা এককভাবে নির্বাচনে অংশগ্রহণের পক্ষে জোর দাবি জানিয়ে বলেন, সংঘবদ্ধ ও ঐক্যবদ্ধভাবে মাঠে নামলেই বিজয় সম্ভব। তাদের মতে, এককভাবে নির্বাচন করলে জমিয়তের সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং তৃণমূলে দলের ভিত্তি মজবুত হবে। সভায় সব প্রার্থী স্পষ্টভাবে জানান, কেন্দ্রীয় খাস কমিটি ও নীতি নির্ধারণী ফোরামের যেকোনো সিদ্ধান্ত তারা সর্বান্তকরণে মেনে নেবেন এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে মাঠে কাজ করবেন। এ সময় কয়েকজন প্রার্থী সাম্প্রতিক সময়ে কিছু নেতার দলীয় নীতির পরিপন্থী বক্তব্যের বিষয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে; জাতীয় নির্বাচনই দেশের স্থিতিশীলতার অন্যতম মাধ্যম, তাই নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সভায় আরো উপস্থিত ছিলেন—সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা মতিউর রহমান কাসেমী, মাওলানা শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা ফজলুল করিম কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা নাছির উদ্দিন মুনির ও মাওলানা আব্দুল হক কাওসারী প্রমুখ।

জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীদের নিয়ে নির্বাচনি কৌশল সভা: এককভাবে নির্বাচনে অংশগ্রহণের দাবি