শনিবার, ২১ মার্চ ২০২৬
শনিবার, ২১ মার্চ ২০২৬
কওমী টাইমস

শিবচরে ঈদুল ফিতরের রাজকীয় জামাত: ইমামতি করলেন সংসদ সদস্য পীরজাদা হানজালা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাদারীপুরের শিবচরে এক অনন্য ধর্মীয় সম্প্রীতির চিত্র ফুটে উঠেছে। ঐতিহাসিক বাহাদুরপুর পীর মঞ্জিল জামে মসজিদে আয়োজিত ঈদের প্রধান জামাতে ইমামতি করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাঈদ উদ্দিন হানজালা। বৃষ্টির বাগড়া সত্ত্বেও হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে এই জামাত এক বিশাল মিলনমেলায় পরিণত হয়।আজ শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় মাদারীপুর জেলার শিবচর উপজেলার ঐতিহ্যবাহী বাহাদুরপুর পীর মঞ্জিল জামে মসজিদে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে খোলা মাঠের পরিবর্তে মসজিদেই নামাজের আয়োজন করা হয়। এই বিশেষ জামাতে ইমামতি করেন ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্য ও প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব পীরজাদা সাঈদ উদ্দিন হানজালা।নামাজ শেষে খুতবায় তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনার পাশাপাশি শিবচরের সাধারণ মানুষের সার্বিক কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এরপর তিনি উপস্থিত সাধারণ মুসল্লিদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি শিবচরের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "জনগণই আমাকে জাতীয় সংসদে কাজ করার সুযোগ করে দিয়েছেন, আমি আপনাদের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর।"বক্তব্যের এক পর্যায়ে তিনি প্রবাসীদের ত্যাগের কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, "ঈদের এই খুশির দিনে যারা বাবা-মা ও পরিবার ছেড়ে সুদূর প্রবাসে পড়ে আছেন, তাদের কষ্ট আমরা অনুধাবন করি। আমাদের প্রবাসীরা প্রকৃত 'ফ্রিডম ফাইটার' বা রেমিট্যান্স যোদ্ধা, যারা বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনি দিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছেন।"উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা জানান, একজন জনপ্রতিনিধিকে নিজেদের মাঝে ইমাম হিসেবে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। নামাজ শেষে পীরজাদা হানজালা শিবচরের উন্নয়নে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন।

শিবচরে ঈদুল ফিতরের রাজকীয় জামাত: ইমামতি করলেন সংসদ সদস্য পীরজাদা হানজালা