সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
কওমী টাইমস

এআই আয়ত্ত করতে না পারলে মুসলিম বিশ্ব আবারও ঔপনিবেশিক শাসনের মুখে পড়বে: আনোয়ার ইব্রাহিম

মুসলিম বিশ্ব যদি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তিতে নিজেদের দক্ষতা প্রমাণ করতে ব্যর্থ হয়, তবে তারা নতুন রূপের এক প্রযুক্তিগত ঔপনিবেশিক দাসত্বের ঝুঁকিতে পড়বে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রোববার (১৩ সেপ্টেম্বর) দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড়ে অবস্থিত মারকাজু সাকাফাতি সুন্নিয়ার এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি মুসলিম সমাজ ও উলামায়ে কেরামকে আধুনিক প্রযুক্তি গ্রহণের পাশাপাশি নৈতিক ভিত্তি শক্ত করার আহ্বান জানান।আধুনিক প্রযুক্তির প্রভাব ও চ্যালেঞ্জ মোকাবিলায় মুসলিম বিশ্বের করণীয় নিয়ে আন্তর্জাতিক মঞ্চে জোরালো বক্তব্য উপস্থাপন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী রাজ্য কেরালার কোঝিকোড় শহরের কারানথুরে অবস্থিত 'মারকাজু সাকাফাতি সুন্নিয়া'-তে আয়োজিত শেখ আবুবকর ফাউন্ডেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সতর্ক করেন যে, জ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকলে মুসলিম সমাজ নিজেদের স্বায়ত্তশাসন ও সার্বভৌমত্ব হারাবে।আনোয়ার ইব্রাহিম বলেন, "বর্তমান যুগের নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জগুলোকে আমাদের বুঝতে হবে। বিশেষ করে ডিজিটাল রূপান্তর ও উন্নত কম্পিউটিং প্রযুক্তিকে গুরুত্ব দিতে হবে। জ্ঞান ছাড়া আমরা ব্যর্থ হব। আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না বুঝি, তবে আমরা নতুন করে উপনিবেশে পরিণত হব।"অনুষ্ঠানে ভারতের গ্র্যান্ড মুফতি কাান্থাপুরাম এ.পি. আবুবকর মুসলিয়ার কর্তৃক প্রথম 'শেখ আবুবকর ফাউন্ডেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ড'-এ ভূষিত হন মালয়েশিয়ার এই দূরদর্শী নেতা।প্রযুক্তি ও সুসংহত নৈতিকতার ভারসাম্য রক্ষা করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মুসলিম সমাজকে একাধারে কারিগরি দক্ষতা ও শক্ত নৈতিক ভিত্তি গড়ে তুলতে হবে। "আমাদের জ্ঞান অর্জন করতে হবে, দক্ষতা বাড়াতে হবে, কিন্তু আমাদের এই উন্নয়ন যেন কোনোভাবেই আমাদের আকীদা, বিশ্বাস ও নৈতিক মূল্যবোধের ক্ষতি না করে," বলে তিনি উল্লেখ করেন।মালয়েশীয় প্রধানমন্ত্রী আরও হুঁশিয়ার করেন যে, সঠিক দক্ষতা না থাকলে বহিরাগত বা পশ্চিমা প্রযুক্তি-নিয়ন্ত্রক শক্তিগুলো এআই ও ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে এমন বৈশ্বিক মূল্যবোধ চাপিয়ে দিতে পারে, যা স্থানীয় ইসলামিক কৃষ্টি ও ঈমানি চেতনাকে সুপরিকল্পিতভাবে ক্ষুণ্ণ করবে।প্রযুক্তি বিশেষজ্ঞদের বৈশ্বিক উদ্বেগের কথা তুলে ধরে আনোয়ার ইব্রাহিম ক্ষোভ প্রকাশ করেন যে, বিশ্বের প্রযুক্তি খাতের প্রধানরা যখন এআইয়ের সম্ভাব্য ঝুঁকি ও অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন, তখন মুসলিম উলামা ও চিন্তাবিদরা এই বিষয়ে প্রয়োজনীয় মনোযোগ দিচ্ছেন না। তিনি আলেম সমাজকে প্রযুক্তির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।উল্লেখ্য, নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের পর আনোয়ার ইব্রাহিম কেরালা সফরে আসেন, যেখানে বহু মেরুকেন্দ্রিক বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

এআই আয়ত্ত করতে না পারলে মুসলিম বিশ্ব আবারও ঔপনিবেশিক শাসনের মুখে পড়বে: আনোয়ার ইব্রাহিম