সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
কওমী টাইমস

আফগানিস্তানের অগ্রগতি সহ্য করতে পারছে না কিছু প্রতিবেশী দেশ: আফগান উন্নয়নমন্ত্রী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের গ্রামীণ পুনর্গঠন ও উন্নয়নমন্ত্রী মাওলানা আব্দুল লতিফ মনসুর অভিযোগ করেছেন যে, কিছু প্রতিবেশী দেশ আফগানিস্তানের অবকাঠামোগত ও অর্থনৈতিক অগ্রগতি বরদাশত করতে পারছে না। সোমবার (৭ সেপ্টেম্বর, ২০২৬) পাঞ্জশির প্রদেশে এক গণসমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো কাবুলের প্রতি সুপ্রতিবেশীসুলভ নীতি বজায় রাখতে ব্যর্থ হচ্ছে এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের অপচেষ্টা চালাচ্ছে।আফগানিস্তানের গ্রামীণ পুনর্গঠন ও উন্নয়ন মন্ত্রী মাওলানা আব্দুল লতিফ মনসুর কোনো নির্দিষ্ট দেশের নাম না উল্লেখ করে আঞ্চলিক শক্তির প্রতি তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। পাঞ্জশির প্রদেশে আয়োজিত এক সুবিশাল সমাবেশে বক্তব্যে তিনি বলেন, সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক গড়ে তোলার পরিবর্তে কয়েকটি প্রতিবেশী দেশ আফগানিস্তানের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ স্থিতিশীলতায় হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে।আফগান উন্নয়নমন্ত্রী জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, 'আমাদের শাসনব্যবস্থা ও ইসলামি পদ্ধতির প্রতি আন্তরিক থাকুন। এই ব্যবস্থায় দায়বদ্ধ ও সৎ মানুষ দেশ পুনর্গঠনে দিনরাত কাজ করছেন। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সুযোগ দেবেন না, যারা আমাদের অগ্রগতি দেখে ঈর্ষান্বিত'।মন্ত্রী আরও জানান, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নানা প্রতিকূলতা সত্ত্বেও বিশ্বব্যাংকের সহায়তায় আফগানিস্তানের ২৩টি প্রদেশে প্রায় ৩,২০০টি ক্ষুদ্র ও মাঝারি সামাজিক এবং জীবিকা-সহায়তা প্রকল্পের কাজ পুরোদমে শুরু হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে প্রায় ৮ কোটি ৭০ লাখ ডলার (৮৭ মিলিয়ন ডলার) ব্যয় করা হচ্ছে, যা যুদ্ধবিধ্বস্ত আফগান জনগণের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে।সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় পলাতক রাজনৈতিক বিরোধীদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, 'কিছু প্রতিবেশী রাষ্ট্র যেমন আমাদের উন্নয়নে ঈর্ষান্বিত, তেমনি দেশের ভেতরের কিছু পলাতক গোষ্ঠীও বিদেশে বসে বিভ্রান্তি ছড়াচ্ছে'।সমাবেশে পাঞ্জশিরের উপ-গভর্নর আসাদুল্লাহ সিনান এবং গভর্নর হাফেজ মুহাম্মদ আঘা হাকিম বক্তব্যে প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত মান ও স্বচ্ছতা বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। উল্লেখ্য, সরকারের ঘোষিত এই বিশ্বব্যাংক প্রকল্পের অধীনে কেবল পাঞ্জশির প্রদেশেই ৫ কোটি ৬৬ লাখ ডলার ব্যয়ে ১২৭টি অবকাঠামোগত প্রকল্প (সড়ক, সেতু, কালভার্ট ও সেচ খাল) গড়ে তোলা হচ্ছে।

আফগানিস্তানের অগ্রগতি সহ্য করতে পারছে না কিছু প্রতিবেশী দেশ: আফগান উন্নয়নমন্ত্রী