পবিত্র মসজিদুল হারামে আগত নারী মুসল্লিদের ধর্মীয় অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে নিজেদের কার্যক্রম অব্যাহত রেখেছে মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রেসিডেন্সি। এর অংশ হিসেবে শ্রবণপ্রতিবন্ধী নারীদের জন্য একটি বিশেষ কোরআন শিক্ষার হালকা বা পাঠচক্রের ব্যবস্থা করা হয়েছে।এই বিশেষ পাঠচক্রে বধির নারীরা পবিত্র কোরআন শেখার পাশাপাশি বিভিন্ন কোরআনভিত্তিক শিক্ষামূলক কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। তাঁদের বিশেষ চাহিদা বিবেচনায় রেখে শিক্ষাপদ্ধতি সাজানো হয়েছে, যাতে ধর্মীয় শিক্ষা গ্রহণ সহজ হয় এবং পবিত্র মসজিদুল হারামে উপলব্ধ ধর্মীয় সেবায় তাঁদের প্রবেশাধিকার বাড়ে।প্রেসিডেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় সেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক করা এবং শ্রবণপ্রতিবন্ধী নারীদের কোরআন শিক্ষার কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ তৈরি করা এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে তাঁদের কোরআনবিষয়ক জ্ঞান বাড়ানো, পবিত্র কিতাবের সঙ্গে সম্পর্ক আরও গভীর করা এবং মসজিদুল হারামে তাঁদের ধর্মীয় অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার প্রচেষ্টা চালানো হচ্ছে।প্রতিষ্ঠানটি বিশেষায়িত কোরআনভিত্তিক কর্মসূচির মাধ্যমে এমন একটি সহজগম্য ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে পবিত্র মসজিদুল হারামে আগত বিভিন্ন শ্রেণির নারী মুসল্লির চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়।প্রেসিডেন্সির লক্ষ্য হলো ধর্মীয় ও শিক্ষামূলক সেবার মান উন্নত করা এবং সব নারী মুসল্লির জন্য আরও পূর্ণাঙ্গ ধর্মীয় অভিজ্ঞতা নিশ্চিত করা। শ্রবণপ্রতিবন্ধী নারীদের জন্য এই বিশেষ কোরআন পাঠচক্র সেই প্রচেষ্টারই একটি অংশ।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।