মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
কওমী টাইমস

নোয়াখালীতে ঘরে ঘুমিয়ে থাকা মাদরাসাছাত্রের লাশ মিলল ধানখেতে

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকা ১৪ বছর বয়সী এক মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. নাঈম স্থানীয় দারুল উলুম মাদানীনগর মাদরাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী ও হাফেজে কোরআন ছিল। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামের একটি ধানখেতের পাশের রাস্তা থেকে তার মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে এটিকে শ্বাসরোধে হত্যা বলে ধারণা করছে পুলিশ।নোয়াখালীর সুবর্ণচরে মাদরাসার এক শিক্ষার্থী ও হাফেজে কোরআনকে রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থা থেকে তুলে নিয়ে শ্বাসরোধে হত্যার গুরুতর অভিযোগ উঠেছে। নিহত শিক্ষার্থীর নাম মো. নাঈম (১৪)। সে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ইব্রাহীম খলিলের ছেলে।স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, নাঈম দীর্ঘদিন ধরে সুবর্ণচরের চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য বাগ্যা গ্রামে নানার বাড়িতে থেকে চরজব্বর ইউনিয়নের দারুল উলুম মাদানীনগর মাদরাসার নাজেরা বিভাগে পড়াশোনা করে আসছিল। প্রায় তিন বছর আগে তার মা-বাবার বিচ্ছেদ ঘটে। এরপর থেকেই সে নানার বাড়িতে থেকে লেখাপড়া চালিয়ে যাচ্ছিল।নিহতের নানা এবায়েদ উল্যাহ জানান, গত শনিবার নাঈম মাদরাসা থেকে চলে আসার পর তার বাবা ফোনে ছেলের অবস্থানের কথা জানান। পরে নাঈমের নানী আমেনা খাতুন তাকে বাড়িতে নিয়ে আসেন। সোমবার রাতে নাঈম যথারীতি রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। পরদিন ফজরের নামাজের সময় তার স্বজনরা ঘুম থেকে উঠে দেখতে পান শয়নকক্ষের দরজা খোলা এবং নাঈম বিছানায় নেই। পরবর্তীতে সকাল ৭টার দিকে ঘর থেকে আনুমানিক ১০০ গজ দূরে ধানখেতের পাশে রাস্তার ওপর নাঈমের মরদেহ পড়ে থাকতে দেখেন তার নানা।স্বজনদের অভিযোগ, সম্প্রতি নাঈমের মায়ের নতুন করে বিয়ে হওয়ার পর থেকে তার বাবা ইব্রাহীম খলিল বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। নিহতের পরিবার এই হত্যাকাণ্ডে বাবার পারিবারিক বিরোধের জেরে ক্ষোভের বহিঃপ্রকাশ রয়েছে বলে সন্দেহ করছে। ঘটনার পর থেকে নিহতের বাবাকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি বলে অভিযোগ করা হয়।সংবাদ পেয়ে নোয়াখালী জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের থুতনির নিচে আঘাত বা ছিলা দাগ পাওয়া গেছে। নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক অনুসন্ধানে মনে হচ্ছে কিশোরটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নোয়াখালীতে ঘরে ঘুমিয়ে থাকা মাদরাসাছাত্রের লাশ মিলল ধানখেতে