ভাগ্যের চাকা ঘোরাতে মাত্র তিন মাস আগে মরুভূমির দেশ সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন নোয়াখালীর তরুণ মোহাম্মদ ইউসুফ (২৪)। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে কর্মস্থলে দেয়াল ধসে প্রাণ হারিয়েছেন এই রেমিট্যান্স যোদ্ধা। শনিবার দুপুরে তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।সৌদি আরবের দাম্মাম শহরে কাজ করার সময় এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন বাংলাদেশি যুবক মোহাম্মদ ইউসুফ। স্থানীয় সময় শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে একটি নবনির্মিত ভবনে ইলেকট্রিকের কাজ করার সময় আকস্মিকভাবে একটি দেয়াল ধসে তার গায়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহত ইউসুফ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাহতাবপুর গ্রামের মনগাজী বেপারী বাড়ির মৃত বেচু মিয়ার সন্তান। শনিবার (১১ এপ্রিল) দুপুরে ছাতারপাইয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোয়াজ্জম হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।পারিবারিক সূত্রে জানা গেছে, অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে এবং নিজের আড়াই বছর বয়সী শিশুকন্যার সুন্দর ভবিষ্যৎ গড়তে মাত্র ৯০ দিন আগে ধারদেনা করে সৌদি আরব গিয়েছিলেন ইউসুফ। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন। তার অকাল মৃত্যুতে মাহতাবপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বামীর মৃত্যুসংবাদ পেয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তার স্ত্রী, আর অবুঝ শিশুকন্যাটি এখনো জানেই না যে তার বাবা আর কোনোদিন বিদেশ থেকে ফিরে তাকে কোলে তুলে নেবে না।বর্তমানে ইউসুফের মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার শোকসন্তপ্ত পরিবার ও স্থানীয় এলাকাবাসী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আকুল আবেদন জানিয়েছেন, যেন দ্রুততম সময়ের মধ্যে ইউসুফের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।