অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণের বোরাক স্কয়ারে (পশ্চিম প্রাচীর) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তাঁর মন্ত্রিসভার একাধিক মন্ত্রী এবং হাজার হাজার চরমপন্থী ইহুদি বসতিস্থাপনকারীর পরিদর্শনের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। শনিবার রাতে এক বিবৃতিতে হামাস একে আল-আকসা মসজিদের ঐতিহাসিক পরিচয় ও স্ট্যাটাস কো-এর ওপর একটি গুরুতর হামলা এবং পুরো মুসলিম বিশ্বের অনুভূতির ওপর নগ্ন উস্কানি হিসেবে অভিহিত করেছে।হামাসের পক্ষ থেকে জারি করা আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি দখলদারদের এই উস্কানিমূলক সফর, আল-আকসার অভ্যন্তরে বা সংলগ্ন এলাকায় ইহুদি ধর্মীয় আচার অনুষ্ঠান পালন কিংবা পবিত্র প্রাঙ্গণের নিচে ভূগর্ভস্থ খননকার্য চালিয়ে ঐতিহাসিক আল-আকসার ইসলামী পরিচয় কখনোই মুছে ফেলা যাবে না।বিবৃতিতে উল্লেখ করা হয়, 'দখলদার শক্তি যে খননকার্য, সমাবেশ বা চরম উস্কানিমূলক বক্তব্যই দিক না কেন এবং কুদস (জেরুজালেম) ও আল-আকসায় নতুন কোনো বাস্তবতা তৈরি করার যতই চেষ্টা চালাক না কেন, এই পবিত্র ভূমিতে তাদের কোনো অধিকার প্রতিষ্ঠিত হবে না।'হামাস ফিলিস্তিনের আপামর জনগণকে আল-আকসার দিকে অভিমুখে যাত্রা করার এবং এর বর্তমান ইসলামিক সত্তা ও পরিচয় রক্ষায় প্রাঙ্গণে অবস্থান (রিবাত) গ্রহণ করার আহ্বান জানিয়েছে। একই সাথে, আরব ও বিশ্ব মুসলিম উম্মাহকে জেরুজালেম ও আল-আকসার প্রতি তাঁদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে পবিত্র স্থানে কোনো ধরনের নতুন ইসরাইলি শাসন বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা রুখে দাঁড়ানোর জোর তাগিদ দেওয়া হয়েছে।ফিলিস্তিনি কর্তৃপক্ষের (PA) কুদস গভর্নর অফিস জানিয়েছে, গত সন্ধ্যায় নেতানিয়াহু ও ইসরাইলি মন্ত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে গোটা ওল্ড সিটিকে একটি সামরিক ব্যারাকে পরিণত করা হয়। শত শত সেনার প্রহরায় চরমপন্থী দখলদার ইহুদিদের ওয়াদি এলাকা দিয়ে বোরাক স্কয়ারের দিকে নিয়ে যাওয়া হয়, যা ফিলিস্তিনি অধিবাসীদের দৈনন্দিন জীবনযাত্রাকে পুরোপুরি ব্যাহত করেছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।