সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
কওমী টাইমস

মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানির ইন্তেকাল

পবিত্র কাবার প্রাঙ্গণ মসজিদুল হারামের প্রবীণ ও সম্মানিত মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬ / ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি) ভোরে পবিত্র মক্কা নগরীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে মসজিদুল হারামে আজান ও তাকবির দেওয়ার মাধ্যমে বিশ্বব্যাপী কোটি কোটি মুসলিমের হৃদয়ে স্থান করে নেওয়া এই প্রিয় ধ্বনির প্রয়াণে ইসলামি বিশ্বে শোকের আবহ তৈরি হয়েছে।পবিত্র মসজিদুল হারামের প্রবীণ ও অত্যন্ত শ্রদ্ধেয় মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানির বিদায়ে শোকাহত বিশ্ব মুসলিম উম্মাহ। স্থানীয় সূত্রে ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সোমবার ভোরে তিনি ইন্তেকাল করেন।শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি দীর্ঘদিন ধরে বায়তুল্লাহর মুয়াজ্জিন হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। পবিত্র কাবা শরিফের প্রাঙ্গণ থেকে তাঁর আবেগঘন ও সুমধুর কণ্ঠে ধ্বনিত আজান ও তাকবির কেবল মসজিদুল হারামের মুসল্লিদেরই নয়, বরং টেলিভিশন ও রেডিওর মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি মুসলিমের হৃদয় স্পর্শ করত। সৌদি আরবের ধর্মীয় বিষায়ক কর্তৃপক্ষের দাপ্তরিক তালিকাতেও প্রবীণ এই মুয়াজ্জিনের নাম বিশেষভাবে লিপিবদ্ধ রয়েছে।মসজিদুল হারামের সাউন্ড আর্কাইভ ও বিভিন্ন ঐতিহাসিক রেকর্ডে তাঁর দেওয়া আজানের স্মৃতি সংরক্ষিত রয়েছে। সরকারি সূত্রে জানা যায়, ২০২৫ সালের পবিত্র রমজান মাসেও মসজিদুল হারামের 'মুকাব্বিরিয়া' থেকে তাঁর কণ্ঠে আসরের আজান রেকর্ড করে প্রচার করেছিল সৌদি আরবের ইমাম ও মুয়াজ্জিনবিষয়ক সরকারি কর্তৃপক্ষ। এমনকি চলতি ২০২৬ সালের মার্চ মাসেও ফজরের আজানে তাঁর সেই চিরচেনা সুমধুর কণ্ঠ শুনতে পান সারা বিশ্বের ধর্মপ্রাণ মানুষ। মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত তিনি বায়তুল্লাহর খেদমতে নিয়োজিত ছিলেন।সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে তাঁর অবদান ছিল অসামান্য। মসজিদুল হারামের সাপ্তাহিক ডিউটি তালিকায় ফজর, জোহর, আসর ও মাগরিবসহ বিভিন্ন ওয়াক্তের আজানে নিয়মিত দায়িত্ব পালন করতেন তিনি।তাঁর ইন্তেকালের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে মক্কা মুকাররমাসহ সমগ্র ইসলামি বিশ্বে গভীর শোক প্রকাশ করা হচ্ছে। বিশিষ্ট আলেম-ওলামা, ইসলামি চিন্তাবিদ, দাঈ ও সাধারণ ধর্মপ্রাণ দর্শনার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন এবং মাগফিরাত কামনা করছেন। কাবার আঙিনায় সুরের মায়ায় ঈমানের বার্তা পৌঁছে দেওয়া এই গুণী ব্যক্তিত্বের প্রয়াণ উম্মাহর জন্য এক অপূরণীয় ক্ষতি।

মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানির ইন্তেকাল