শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
কওমী টাইমস

দিল্লিতে ব্রিকস সম্মেলনের পাঁচতারকা হোটেলে পচা খাবার ও তেলাপোকা, আতিথেয়তা নিয়ে প্রশ্ন

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। এই মেগা সম্মেলনে আগত বিশ্বনেতা ও প্রতিনিধিদের আপ্যায়নের জন্য নির্ধারিত দিল্লির অ্যারোসিটি-র দুটি পাঁচতারকা হোটেল—'আন্দাজ দিল্লি' এবং 'জেডব্লিউ ম্যারিয়ট'-এ পচা ও মেয়াদোত্তীর্ণ খাবার এবং তেলাপোকা ও মাছি পেয়েছে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। গুরুতর এই অনিয়মের দায়ে হোটেল দুটিকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।এই দুটি হোটেলই ব্রিকস বিজনেস ফোরামের অফিশিয়াল ওয়েবসাইটে বিদেশি প্রতিনিধিদের থাকার এবং সম্মেলন ভেন্যু হিসেবে তালিকাভুক্ত ছিল। ব্রিকস বিজনেস ফোরাম হলো এই জোটের বেসরকারি খাতের প্রধান প্ল্যাটফর্ম, যা প্রতি বছর শীর্ষ সম্মেলনের প্রাক্কালে অনুষ্ঠিত হয়।খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, পরিদর্শনের সময় দুটি হোটেল থেকেই পরীক্ষার জন্য বিভিন্ন খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নমুনাগুলোর ল্যাব রিপোর্ট এবং হোটেলগুলোর সন্তোষজনক জবাবের ওপর ভিত্তি করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে ঠিক কোন তারিখে এই ঝটিকা অভিযান চালানো হয়েছিল, তা কর্তৃপক্ষ প্রকাশ করেনি।হায়াত গ্রুপের আওতাধীন 'আন্দাজ দিল্লি' হোটেলের মিষ্টির বিভাগে তল্লাশি চালিয়ে প্রায় ৮৭ কেজি মেয়াদোত্তীর্ণ মিষ্টি পাওয়া যায়, যা তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে। এছাড়া মেয়াদ শেষ হয়ে যাওয়া পাউরুটি ও কেকের বেস উদ্ধার করা হয়েছে। পেস্ট্রি সেকশনে ও রান্নাঘরে উড়ছিল অসংখ্য মাছি এবং কিলবিল করছিল তেলাপোকা। নিরামিষ ও আমিষ খাবার আলাদা রাখার কোনো নিয়ম সেখানে মানা হচ্ছিল না; এমনকি দুই ধরনের খাবার কাটার জন্য ব্যবহৃত চপিং বোর্ডগুলো একই পানির পাত্রে ডুবিয়ে রাখা হয়েছিল।অ্যারোসিটির 'জেডব্লিউ ম্যারিয়ট' হোটেলে তল্লাশি চালিয়ে জানা গেছে, হোটেলটি প্রয়োজনীয় খুচরা লাইসেন্স ছাড়াই তাদের রিটেইল কার্যক্রম চালাচ্ছিল। তাদের পনির, খোয়া ক্ষীর এবং চানা মসলার মতো ফ্রোজেন খাবারের প্যাকেটের গায়ে প্রস্তুতকারকের ঠিকানা ছিল না এবং লাইসেন্স নম্বরেও ভুল ছিল।হোটেলটির রান্নাঘর ও খাবার তৈরির জায়গায় স্বাস্থ্যবিধি চরমভাবে লঙ্ঘিত হয়েছে। কর্মকর্তারা রান্নাঘরে জীবন্ত তেলাপোকা ও ফলের মাছির উপদ্রব দেখতে পান। ময়লা ও নোংরা জায়গায় খাবার রাখা হয়েছিল এবং রান্নার বাসনপত্রগুলোও ঠিকমতো ধোয়া ছিল না। এমনকি রান্নার ও পানের পানির জারে স্পষ্ট নোংরা ধূলিকণা ভাসতে দেখা গেছে, যা প্রমাণ করে যে হোটেলটিতে পোকামাকড় দমন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ন্যূনতম বালাই ছিল না।এছাড়া হোটেলটিতে পচা আপেল ও পচা টমেটো উদ্ধার করা হয়েছে। রান্নাঘরের ফ্রিজে খাবারগুলো ঢাকনা ছাড়া এবং ভাঙা পাত্রে রাখা হয়েছিল। নিরামিষ ও আমিষ খাবার একসাথে রেখে দেওয়া এবং নির্দিষ্ট তাপমাত্রা বজায় না রাখার কারণে সেখানে ব্যাকটেরিয়াজনিত দূষণের মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছিল বলে জানিয়েছে খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ।

দিল্লিতে ব্রিকস সম্মেলনের পাঁচতারকা হোটেলে পচা খাবার ও তেলাপোকা, আতিথেয়তা নিয়ে প্রশ্ন