নাইজেরিয়ার জাতীয় মসজিদে মুসলিম ওয়ার্ল্ড লিগ প্রধানের জুমার খুতবা: ইসলামী মূল্যবোধ ও জাতীয় ঐক্যের আহ্বান
নাইজেরিয়ার রাজধানী আবুজায় অবস্থিত বিখ্যাত জাতীয় মসজিদে জুমার খুতবা প্রদান ও নামাজে ইমামতি করেছেন মুসলিম ওয়ার্ল্ড লিগের (এমডব্লিউএল) মহাসচিব এবং মুসলিম স্কলার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শায়খ ড. মোহাম্মদ বিন আবদুলকারিম আল-ঈসা। দেশটির শীর্ষস্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব ও হাজার হাজার সাধারণ মুসলিমের উপস্থিতিতে অনুষ্ঠিত এই খুতবায় তিনি কোরআনের হেদায়েত, তাকওয়া এবং দৈনিক জীবনে খাঁটি ইসলামী অনুশাসন অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।আন্তর্জাতিক মুসলিম সংস্থা মুসলিম ওয়ার্ল্ড লিগের (এমডব্লিউএল) প্রধান ড. মোহাম্মদ বিন আবদুলকারিম আল-ঈসা নাইজেরিয়া সফরের অংশ হিসেবে দেশটির জাতীয় মসজিদে ঐতিহাসিক জুমার খুতবা প্রদান করেছেন। আবুজাহর জাতীয় মসজিদে আয়োজিত এই বিশাল জুমা জামাতে নাইজেরিয়ার শীর্ষস্থানীয় আলেম, ধর্মীয় নেতা ও প্রশাসনিক ব্যক্তিত্বরা অংশ নেন।নিজের খুতবায় ড. আল-ঈসা পবিত্র কোরআনের নির্দেশিত "আকওয়াম" বা সর্বোত্তম ও সরল পথের আলো তুলে ধরেন। তিনি দৈনন্দিন জীবনে একজন মুসলিমের করণীয়, ঈমান ও আমলের ধারাবাহিকতা রক্ষা এবং নৈতিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান।শায়খ আল-ঈসা বিশ্বজুড়ে মুসলিমদের দ্বৈত নীতি ত্যাগ করে সার্বিক জীবনে ইসলামের মহান শিক্ষা প্রদর্শনের অনুরোধ করেন। তিনি সতর্ক করে বলেন, একজন মুসলিমের এমন কোনো আচরণ করা উচিত নয় যা তার নিজের ক্ষতি করে কিংবা বিশ্ব দরবারে মহান ইসলাম ধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।নাইজেরিয়ার বৈচিত্র্যময় সমাজ ও মুসলিম সম্প্রদায়ের প্রশংসা করে তিনি বলেন, "নাইজেরিয়া ধর্মীয় ও জাতীয় মূল্যবোধের এক অনন্য ও সুনির্দিষ্ট দৃষ্টান্ত।" দেশটিতে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষের সহাবস্থান এবং জাতীয় ঐক্যের প্রতি নাইজেরীয়দের প্রতিশ্রুতিকে তিনি বিশ্ব মুসলিমের জন্য ইতিবাচক হিসেবে চিহ্নিত করেন।প্রার্থনা শেষে তিনি নাইজেরিয়া সহ পুরো মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন।