মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
কওমী টাইমস

তীব্র তাপপ্রবাহে ইতালির ৯ শহরে ‘রেড অ্যালার্ট’, ঝুঁকিতে বয়স্ক-শিশুরা

গ্রীষ্মের শুরু থেকে পঞ্চম দফায় চলমান তীব্র তাপপ্রবাহের কারণে ইতালির নয়টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। শুক্রবার জারি করা এই সতর্কতার আওতায় রয়েছে রোম, বারি, কাগলিয়ারি, কাম্পোবাসো, কাতানিয়া, লাতিনা, মেসিনা, পালের্মো ও রেজ্জিও ক্যালাব্রিয়া। বিশেষ করে বয়স্ক, শিশু ও অসুস্থ ব্যক্তিদের অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।ইতালিতে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় নয়টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ ক্রমবর্ধমান তাপমাত্রার স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করে এই সতর্কতা জারি করে।স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহের শুরু থেকেই ইতালির মধ্য ও দক্ষিণাঞ্চলে নতুন করে তাপপ্রবাহ শুরু হয়েছে। গ্রীষ্মের শুরু থেকে এটি দেশটিতে চলমান পঞ্চম তীব্র তাপপ্রবাহ।তাপপ্রবাহের নেতিবাচক প্রভাব সম্পর্কে মানুষকে সতর্ক করতে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় কয়েকটি এলাকাকে ‘লাল’ হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে—বারি, কাগলিয়ারি, কাম্পোবাসো, কাতানিয়া, লাতিনা, মেসিনা, পালের্মো, রোম এবং রেজ্জিও ক্যালাব্রিয়া।ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে সূর্যের তীব্র রশ্মি ও অতিরিক্ত গরম থেকে সুরক্ষার জন্য দেওয়া আগের সুপারিশগুলো আবারও প্রকাশ করেছে। বিশেষ করে বয়স্ক, শিশু এবং অসুস্থ ব্যক্তিদের সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনের সবচেয়ে গরম সময়ে বাইরে যাওয়া এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।তীব্র গরমের প্রভাব রাজধানী রোমেও স্পষ্ট হয়ে উঠেছে। শহরের বিভিন্ন পর্যটনকেন্দ্রে আসা পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের অতিরিক্ত গরমের কারণে দুর্ভোগে পড়তে দেখা গেছে। গরম থেকে কিছুটা স্বস্তি পেতে অনেক পর্যটক ছাতা ও বহনযোগ্য পাখা ব্যবহার করছেন। কেউ কেউ আবার ঠান্ডা পানির আশায় ফোয়ারার কাছেও অপেক্ষা করছেন।এদিকে, বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ২০২৬ সালের গ্রীষ্মে ইউরোপে তাপজনিত মৃত্যুর হার ‘উল্লেখযোগ্যভাবে বেশি’। তবে এ বিষয়ে চূড়ান্ত পরিসংখ্যান এখনো প্রকাশ করা হয়নি।ক্রমাগত তাপপ্রবাহ ইউরোপজুড়ে জনস্বাস্থ্য ও দৈনন্দিন জীবনের ওপর বাড়তি চাপ তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গরমের সময় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া এবং পর্যাপ্ত পানি ও শীতল পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

তীব্র তাপপ্রবাহে ইতালির ৯ শহরে ‘রেড অ্যালার্ট’, ঝুঁকিতে বয়স্ক-শিশুরা