মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
কওমি টাইমস একটি অলাভজনক প্রতিষ্ঠান, স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখতে আপনার সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা করুন
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
কওমী টাইমস

শহীদ জাবিরের মা যাচ্ছেন সংসদে: সংরক্ষিত আসনে মনোনয়ন দিল জামায়াত জোট

চব্বিশের জুলাই-আগস্ট বিপ্লবের সেই রক্তঝরা দিনগুলোতে রাজপথে প্রাণ হারানো শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম এবার সংসদ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ১১-দলীয় জোট তাকে মনোনয়ন দিয়েছে। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে আসা ১৩ জনের নামের তালিকায় এই শহীদ জননীর নাম বিশেষভাবে নজর কেড়েছে।২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নির্মমভাবে প্রাণ হারিয়েছিল ছোট্ট জাবির ইব্রাহিম। পরিবারের চোখের সামনে সেই ছোট্ট শিশুর আত্মত্যাগ তখন পুরো জাতিকে নাড়া দিয়েছিল। সেই জাবিরের মা, সাবেক স্কুলশিক্ষিকা রোকেয়া বেগমকে সংসদে পাঠিয়ে এক অনন্য সম্মান জানাল ১১-দলীয় ঐক্য।সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ১১-দলীয় জোটের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের ১৩ জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। জোটের সিদ্ধান্ত অনুযায়ী, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৮ জন নারী প্রার্থী সংসদে যাচ্ছেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ২ জন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) থেকে ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ১ জন এবং জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে রোকেয়া বেগমকে মনোনয়ন দেওয়া হয়েছে।উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় ঐক্য জোট ৭৭টি আসনে জয়লাভ করে। আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে তারা ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ১৩টি আসন লাভ করেছে। অন্যদিকে, ৩৬টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।জামায়াতের মহিলা বিভাগ সূত্রে জানানো হয়েছে, রোকেয়া বেগম ছাড়াও এই তালিকায় রয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মাহফুজা সিদ্দিকা, নাজমুন নাহার নীলু, সাজেদা সামাদ, মারদিয়া মমতাজ, মাহমুদা আলম মিতু, মনিরা শারমিন, তাসমিয়া প্রধান, সামসুন নাহার এবং মাহবুবা হাকিম। শহীদ পরিবারের সদস্যকে সংসদে পাঠানোর এই সিদ্ধান্তকে রাজনৈতিক বিশ্লেষকরা জুলাই বিপ্লবের চেতনার প্রতিফলন হিসেবে দেখছেন।

শহীদ জাবিরের মা যাচ্ছেন সংসদে: সংরক্ষিত আসনে মনোনয়ন দিল জামায়াত জোট