বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
কওমী টাইমস

ইসরায়েলে ৮০ কোটি ইউরোর সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমোদন দিয়েছে জার্মানি

ইসরায়েলের কাছে প্রায় ৮০ কোটি ইউরো মূল্যের সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমোদন দিয়েছে জার্মানি। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশটির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলোকে এসব সরঞ্জাম সরবরাহের লাইসেন্স দেওয়া হয়। জার্মান সংবাদমাধ্যম ডের স্পিগেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এরই মধ্যে সিদ্ধান্তটির সমালোচনা করে ইসরায়েলে অস্ত্র রপ্তানি সম্পূর্ণ ও অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে জার্মানির বামপন্থী দল।ইসরায়েলের ওপর আরোপিত অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নেওয়ার পর দেশটিতে প্রায় ৮০ কোটি ইউরো মূল্যের সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমোদন দিয়েছে জার্মান সরকার।বুধবার জার্মান সংবাদপত্র ডের স্পিগেল জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ইসরায়েলে সামরিক সরঞ্জাম সরবরাহের জন্য জার্মান প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলোকে প্রায় ৮০ কোটি ইউরো মূল্যের রপ্তানি লাইসেন্স দিয়েছে সরকার। এই পরিমাণ ২০২৫ সালের পুরো বছরে ইসরায়েলের জন্য অনুমোদিত সামরিক সরঞ্জাম রপ্তানি লাইসেন্সের মূল্যকেও ছাড়িয়ে গেছে।রপ্তানি অনুমোদনের সবচেয়ে বড় অংশ ছিল বড় ধরনের প্রতিরক্ষা প্রকল্পের জন্য। বিশেষ করে ২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ইস্যু করা সামরিক সরঞ্জাম রপ্তানি লাইসেন্সের প্রায় ৬৭ শতাংশ ছিল নৌ-প্রকল্প সংশ্লিষ্ট।এসব প্রকল্পের মধ্যে জার্মান কোম্পানি থাইসেনক্রুপ মেরিন সিস্টেমস নির্মিত আইএনএস ড্রাকো সাবমেরিনও অন্তর্ভুক্ত রয়েছে।এর আগে জার্মানি ২০২৫ সালের আগস্ট থেকে গাজায় ব্যবহার করা যেতে পারে—এমন অস্ত্র ইসরায়েলে রপ্তানি স্থগিত করেছিল। পরে একই বছরের ২৪ নভেম্বর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।জার্মান সরকারের সাম্প্রতিক এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন দেশটির বামপন্থী দলের সংসদ সদস্য লিয়া রাইসনার। তিনি সরকারের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’ অনুসরণের অভিযোগ করেন এবং ইসরায়েলে অস্ত্র রপ্তানি সম্পূর্ণ ও অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান।জার্মানির ইসরায়েলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানির পরিমাণ সাম্প্রতিক বছরগুলোতেও উল্লেখযোগ্য ছিল। ২০২৩ সালে এসব রপ্তানির পরিমাণ ছিল ৩২৭ মিলিয়ন ইউরো। ২০২৪ সালে তা কমে ১৬১ দশমিক ১ মিলিয়ন ইউরো হয়। এরপর ২০২৫ সালে আবার বেড়ে ২৬০ মিলিয়ন ইউরোতে দাঁড়ায়।২০২৬ সালের প্রথম ছয় মাসেই প্রায় ৮০ কোটি ইউরোর সামরিক সরঞ্জাম রপ্তানির লাইসেন্স দেওয়ার তথ্য প্রকাশের পর জার্মানির ইসরায়েল নীতি ও অস্ত্র রপ্তানি নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

ইসরায়েলে ৮০ কোটি ইউরোর সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমোদন দিয়েছে জার্মানি