সুনামগঞ্জে আসছেন সাবেক ধর্ম উপদেষ্টা: তরুণদের নিয়ে ব্যতিক্রমী দাওয়াহ সেমিনারের আয়োজন
সুনামগঞ্জের তরুণ প্রজন্মকে দ্বীনি ও নৈতিক চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে আগামী ২ জুন জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় এক ব্যতিক্রমধর্মী দাওয়াহ সেমিনার ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মহতী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসাইন।বর্তমান সময়ের বহুমুখী সামাজিক ও নৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে সঠিক পথের দিশা দিতে এবং সমাজসেবামূলক কাজে অনুপ্রাণিত করতে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক ও ধর্মীয় সংগঠন 'কনশাস ইয়াং সোসাইটি'। আগামী ২ জুন (মঙ্গলবার) সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় এই দাওয়াহ সেমিনার ও আকর্ষণীয় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।আয়োজক সংগঠন কনশাস ইয়াং সোসাইটির দায়িত্বশীলদের কাছ থেকে জানা গেছে, বর্তমান যুগে তরুণদের নৈতিক অবক্ষয় রোধ, দ্বীনি মূল্যবোধের বিকাশ এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যেই এই ব্যতিক্রমী সেমিনারের পরিকল্পনা করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট চিন্তাবিদ ড. আ. ফ. ম. খালিদ হোসাইন বর্তমান প্রেক্ষাপটে তরুণদের করণীয়, আদর্শ জীবন গঠন, উন্নত চরিত্র এবং কুরআন ও সুন্নাহভিত্তিক সমাজ প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করবেন।গঠনমূলক বিনোদনের অংশ হিসেবে দাওয়াহ সেমিনারের পাশাপাশি একটি চমৎকার ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। যেখানে স্থানীয় ও আমন্ত্রিত তরুণ শিল্পীদের অংশগ্রহণে বিভিন্ন সৃজনশীল, শিক্ষামূলক এবং ইসলামি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপিত হবে। আয়োজকদের প্রত্যাশা, এই অনুষ্ঠানটি সুনামগঞ্জ জেলাসহ আশেপাশের বিভিন্ন অঞ্চলের আলেম-উলামা, বুদ্ধিজীবী, সুধীজন এবং সাধারণ তরুণ সমাজের মাঝে ব্যাপক সাড়া ফেলবে।অনুষ্ঠানটির সার্বিক প্রস্তুতি এবং বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন কনশাস ইয়াং সোসাইটির প্রচার সম্পাদক শেখ রফিকুল ইসলাম হাদী। তিনি জানান, "এই আয়োজনটি আমাদের তরুণ সমাজের মধ্যে ইতিবাচক মানসিকতা ও নৈতিক পরিবর্তন আনতে অত্যন্ত সুদূরপ্রসারী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি সমাজে দ্বীনি সচেতনতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে অনন্য সহায়ক হবে।"ব্যতিক্রমধর্মী ও তথ্যসমৃদ্ধ এই দাওয়াহ সেমিনার এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানটিকে সফল করে তুলতে আয়োজক কমিটির পক্ষ থেকে সর্বস্তরের আপামর তৌহিদী জনতা, সুধী সমাজ ও বিশেষ করে তরুণদের যথাসম্যে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।