ইসরায়েলি সেনাকে প্রচারে এনে বিশ্বজুড়ে অ্যাডিডাস বয়কটের ঝড়
স্পোর্টসওয়্যার প্রস্তুতকারক বিশ্বখ্যাত জার্মান ব্র্যান্ড অ্যাডিডাসের একটি নতুন বিজ্ঞাপনী প্রচারণা ঘিরে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গাজা যুদ্ধে পা হারানো এক সাবেক ইসরায়েলি সেনাকে তাদের 'সিঙ্গেল শু' পরিষেবার প্রতিনিধি হিসেবে বেছে নেওয়ার পর এই প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ফিলিস্তিন সমর্থক মানবাধিকার কর্মী ও নেটিজেনরা ইসরায়েলি আগ্রাসনে অঙ্গহানি হওয়া হাজার হাজার ফিলিস্তিনি শিশুকে উপেক্ষা করার অভিযোগে কোম্পানিটি বয়কটের ডাক দিয়েছেন।গাজা উপত্যকার যুদ্ধে পা হারানো একজন ইসরায়েলি সেনাকে নিজেদের 'সিঙ্গেল শু' (একক জুতো) সেবা প্রচারণার প্রতিনিধি হিসেবে বেছে নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক বহুজাতিক সংস্থা অ্যাডিডাসকে বয়কট করার জোরালো আহ্বান জানানো হচ্ছে। একই সাথে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় অঙ্গহানি হওয়া হাজার হাজার অসহায় ফিলিস্তিনি শিশুকে সম্পূর্ণ উপেক্ষা করার অভিযোগ উঠেছে আন্তর্জাতিক এই ব্র্যান্ডটির বিরুদ্ধে।কে এই ইসরায়েলি সৈন্য?
বিজ্ঞাপনে প্রদর্শিত সৈনিকটির নাম শালেভ বিটন। তিনি ইসরায়েলি সামরিক বাহিনীর 'নাহাল ব্রিগেড'-এর একজন প্রাক্তন স্নাইপার (শার্পশুটার)। তিনি ২০২১ সালে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। ফিলিস্তিনিরা এই প্রতিরোধ যুদ্ধকে 'জেরুজালেমের তলোয়ার' এবং ইসরায়েল একে 'প্রাচীরের রক্ষক' হিসেবে অভিহিত করেছিল।ফিলিস্তিনি ও ইসরায়েলি সরকারি ও বেসরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সালের সেই যুদ্ধে গাজা উপত্যকায় ১৯৬৫ জন শিশু, ৩৯ জন নারী ও ১৭ জন বৃদ্ধসহ অন্তত ২৩২ জন ফিলিস্তিনি নিহত হন এবং প্রায় ১,৯০০ জন আহত হন। এ ছাড়া অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে আরও ২৮ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৭,০০০ জন আহত হন। অন্যদিকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলায় ১৩ জন ইসরায়েলি নিহত হয়।ইসরায়েলি বেসরকারি সংবাদমাধ্যম 'চ্যানেল ১৫'-এর প্রতিবেদন অনুযায়ী, গাজা সীমান্তে একটি সামরিক যানকে লক্ষ্য করে ছোড়া ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে বিটন গুরুতর আহত হন। ওই একই হামলায় তার সহকর্মী ওমর তাভিভ নিহত হয়। পরবর্তীতে তিন বছরব্যাপী পুনর্বাসন প্রক্রিয়া এবং ৪০টিরও বেশি অস্ত্রোপচারের পর বিটনের বাম পা কেটে ফেলতে হয়। কৃত্রিম পা সংযোজন করে পুনর্বাসন শেষে তিনি পুনরায় দৌড়ানো ও ব্যায়াম শুরু করেন।অ্যাডিডাসের 'একক জুতো' বিতর্ক
অ্যাডিডাস তাদের শারীরিক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য পরিচালিত 'সিঙ্গেল শু' প্রচারণায় যে ১১ জন মডেলকে নির্বাচিত করেছে, বিটন তাদেরই একজন। এই বিশেষ সেবার আওতায় যাদের কেবল একটি জুতোর প্রয়োজন, তারা এক জোড়া জুতোর নির্ধারিত মূল্যের অর্ধেক দামে একটি জুতো কিনতে পারেন।গত ২৬শে আগস্ট বিটন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাডিডাসের সাথে তার চুক্তির বিষয়টি প্রকাশ করেন এবং একে নিজের 'স্বপ্ন সত্যি হওয়া' বলে বর্ণনা করেন। তবে এটি প্রকাশিত হওয়ার পরই সামাজিক মাধ্যমে ফিলিস্তিনপন্থীরা বিটনের অতীত সামরিক পরিচয় তুলে ধরে প্রচারণা শুরু করেন। এতে দেখা যায়, বিটন এমন এক সেনা যিনি গাজায় সাধারণ ফিলিস্তিনিদের ওপর হামলায় অংশ নিয়েছিলেন।এর পরপরই এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রাম ও টিকটকে #BoycottAdidas হ্যাশট্যাগ ট্রেন্ডিংয়ে চলে আসে। লক্ষ লক্ষ মানুষ পোস্টটি শেয়ার করে অ্যাডিডাস বয়কটের আহ্বান জানান।গাজার শিশুদের প্রতি দ্বৈত নীতি
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যেখানে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলায় গাজার হাজার হাজার শিশু নিজেদের হাত-পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে, সেখানে অপরাধী বাহিনীর এক সেনাকে এভাবে প্রচারণার আলোয় আনা চরম অমানবিক।ডিজিটাল অ্যাক্টিভিস্টরা বিটনের ছবির পাশে গাজায় কৃত্রিম অঙ্গ ও ক্রাচে ভর দিয়ে চলা ফিলিস্তিনি শিশুদের ছবি মিলিয়ে পোস্ট করছেন। এক ব্যবহারকারী লিখেছেন, 'গাজায় পঙ্গুত্ব বরণ করা সৈন্যদের সহমর্মিতা জানাতে অ্যাডিডাস এই ব্যবস্থা করেছে, আমাদের ন্যূনতম দায়িত্ব একে বর্জন করা'। অন্য একজন প্রশ্ন তুলেছেন, 'যে হাজার হাজার ফিলিস্তিনি শিশু ইসরায়েলি হামলায় তাদের অঙ্গ হারালো, তাদের পরিণতি কী?'এলবিসি (ল্যান্ড অফ প্যালেস্টাইন) নামক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি প্রতিবাদী পোস্ট প্রায় ৪০ লক্ষ মানুষ প্রত্যক্ষ করেছেন। এছাড়া 'আই অন প্যালেস্টাইন' নামক জনপ্রিয় অ্যাকাউন্টের পোস্টে দশ হাজারের বেশি লাইক ও হাজার হাজার মন্তব্য জমা পড়েছে, যার প্রায় সবই অ্যাডিডাস বয়কটের পক্ষে।আন্তর্জাতিক ব্যক্তিত্বদের সংহতি
এই বয়কট আন্দোলনে যুক্ত হয়েছেন বিশ্বের বিশিষ্ট ব্যক্তি ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও। প্রখ্যাত পাকিস্তানি লেখিকা ও কবি ফাতিমা ভুট্টো এক্সে নিজের ২৪ লক্ষ অনুসারীর উদ্দেশ্যে লিখেছেন, 'বর্জন? অতি সহজ'।ফিলিস্তিনি আন্দোলনকর্মী আবির আল-খাতিব ঘোষণা দিয়েছেন তিনি তার মালিকানাধীন সমস্ত অ্যাডিডাস পণ্য পুড়িয়ে ফেলবেন। মার্কিন টিকটক ইনফ্লুয়েন্সার গাই ক্রিস্টেনসেন (যার অনুসারী সংখ্যা ৩৭ লক্ষের বেশি) এই সিদ্ধান্তকে 'জঘন্য ও কলঙ্কজনক' বলে অ্যাডিডাস বর্জনের ডাক দিয়েছেন।অ্যাডিডাসের সাফাই ও বেলা হাদিদ বিতর্ক
চাপের মুখে পড়ে অ্যাডিডাস এক বিবৃতিতে দাবি করেছে, 'সিঙ্গেল শু' কোনো নির্দিষ্ট সামরিক বাহিনীর জন্য নয়, বরং এটি একটি আন্তর্জাতিক পরিষেবা। ২০২৬ সালের জানুয়ারিতে ইউরোপে শুরু হওয়া এই কার্যক্রম পরে মধ্যপ্রাচ্য ও এশিয়ায় বিস্তৃত করা হয়। বিভ্রান্তিকর ব্যাখ্যার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করে প্রতিষ্ঠানটি।তবে সমালোচকরা অ্যাডিডাসের চরম 'দ্বৈত নীতি'র কথা মনে করিয়ে দিচ্ছেন। ২০২৪ সালে ফিলিস্তিন সমর্থক অবস্থানের কারণে এবং ইসরায়েলি লবিং গ্রুপের চাপে ফিলিস্তিনি বংশোদ্ভূত বিশ্বখ্যাত আমেরিকান সুপারমডেল বেলা হাদিদকে তাদের 'এসএল৭২' প্রচারাভিযান থেকে বাদ দিয়েছিল এই অ্যাডিডাস। এক ফিলিস্তিনি মডেলকে বাদ দিয়ে ইসরায়েলি সেনাকে প্রচারণার মুখ বানানোকে বিশ্বজুড়ে মানবাধিকার কর্মীরা অ্যাডিডাসের চরম পক্ষপাতিত্ব ও ফিলিস্তিনবিরোধী অবস্থানের প্রমাণ হিসেবে দেখছেন।উল্লেখ্য, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা ও নির্বিচার হামলায় এ পর্যন্ত ৭৩,৪৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১,৭৪,৫৪০ জন মারাত্মকভাবে আহত হয়েছেন, যাদের বিশাল একটি অংশ শিশু ও নারী।