রাজধানীতে ঝটিকা মিছিল পরিচালনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিএমপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তারা সাম্প্রতিক ঝটিকা মিছিল ও অবৈধ সমাবেশে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে ডিবি।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত পরে জানানো হবে।”
সম্প্রতি নিষিদ্ধ সংগঠনের কর্মীরা হঠাৎ মিছিল ও বিক্ষোভের মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে পুলিশের দাবি।
এর আগে, চলতি বছর এখন পর্যন্ত এমন ঝটিকা মিছিল থেকে তিন হাজারের বেশি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন