মেহেরপুর-২ আসনে সাবেক এমপি আমজাদ হোসেনের মনোনয়ন ঘোষণার পর বঞ্চিত প্রার্থীর সমর্থকদের সঙ্গে তার সমর্থকদের সংঘর্ষে অন্তত কয়েকজন আহত হয়েছেন। গাংনী বাজারে ভাঙচুরের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার দুপুরে গাংনী বাজারে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সাবেক এমপি আমজাদ হোসেন ও জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে গাংনী উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয় এবং অন্তত ২০টি মোটরসাইকেল ও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।
আমজাদ হোসেনের পক্ষের নেতাকর্মীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মনোনয়নপ্রাপ্ত আমজাদ হোসেন বাসস্ট্যান্ড থেকে বের হচ্ছিলেন, তখন মনোনয়ন বঞ্চিত জাবেদ মাসুদ মিল্টনপন্থীরা তাদের ওপর হামলা চালায়। পরে আমজাদ হোসেনের সমর্থকরা প্রতিবাদে গাংনী বাসস্ট্যান্ডে মিছিল করে এবং মিল্টনের অফিসে হামলা চালায়। ঘটনাস্থল থেকে মিল্টনপন্থীরা পালিয়ে যায়।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। বিকেলে আমজাদ হোসেনের সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে বঞ্চিত পক্ষ জ্বালাও-পোড়াও রাজনীতি করেছে এবং দায়ীদের শাস্তির দাবি জানান।
গাংনী থানার ওসি বনি ইসরাইল বলেন, শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
আমজাদ হোসেন বলেন, “অতর্কিত হামলা আশা করিনি। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত মানতে না চাওয়াই এর মূল কারণ।”
জাবেদ মাসুদ মিল্টন এই সংঘর্ষকে দুঃখজনক ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, “পরবর্তীতে তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।”
প্রসঙ্গত, সোমবার বিএনপির মহাসচিব মেহেরপুরের দুটি আসনের প্রার্থী ঘোষণা করেন, যার পর মনোনয়ন বঞ্চিত সমর্থকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন।
আপনার মতামত লিখুন