অস্ট্রিয়ার টিরোল প্রদেশে বসবাসরত একটি তুর্কি পরিবার বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী হামলার শিকার হয়েছে। তাদের বাড়ির সামনে শূকরের মাথা রেখে রমজান মাসকে লক্ষ্য করে অপমানজনক বার্তা রেখে যায় অজ্ঞাত ব্যক্তি।ঘটনাটি ১২ মার্চ সকালে টিরোলের হল ইন টিরোল এলাকায় ঘটে। পরিবারটি জানায়, এই ঘটনার পর তারা চরম ভীতির মধ্যে দিন কাটাচ্ছে, বিশেষ করে শিশুদের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে।ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সাহরির পর পরিবারের এক সদস্য কাজে যাওয়ার জন্য দরজা খুলতেই বাড়ির সামনে শূকরের মাথা দেখতে পান এবং আতঙ্কে চিৎকার করেন। একই সঙ্গে দরজার পাশে রমজান মাস ও পরিবারকে লক্ষ্য করে অপমানজনক লেখা পাওয়া যায়।এ ঘটনাকে স্পষ্টভাবে বর্ণবাদী ও মুসলিমবিরোধী হামলা হিসেবে দেখছেন পরিবারটি।পরিবারের সদস্য এ.এস. জানান, ঘটনার পর থেকে তাদের সন্তানরা ভয় পেতে শুরু করেছে। দরজার বাইরে আলো জ্বললেই শিশুরা আতঙ্কিত হয়ে তাকিয়ে থাকে।তিনি আরও বলেন,“এখন আমরা নিজেদের নিরাপত্তা নিয়েই সন্দিহান হয়ে পড়েছি। সন্তানদের একা রেখে বাইরে যেতে ভয় লাগে।”ঘটনার পর পরিবারটি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। তবে তাদের অভিযোগ, পুলিশ বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেয়নি।নিরাপত্তার জন্য বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানোর অনুরোধ জানানো হলেও পুলিশ তা অনুমোদন করেনি বলে দাবি করেছেন ভুক্তভোগী।ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক সময়ে মুসলিমবিদ্বেষী ঘটনার সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই ঘটনাটি সেই প্রবণতারই আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে, যেখানে ধর্মীয় পরিচয়কে লক্ষ্য করে ভয়ভীতি ও অপমান প্রদর্শনের চেষ্টা করা হয়েছে।