কাদিয়ানি (আহমদীয়া) সম্প্রদায়কে সরকারি ও রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার লক্ষ্যে জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে জরুরি বিল উত্থাপনের জন্য সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। মঙ্গলবার সকালে রাজধানীর দারুল উলূম দিলু রোড মাদরাসায় আয়োজিত এক জরুরি সভায় এই দাবি জানানো হয়। পাশাপাশি আগামী ২ অক্টোবর পুরান ঢাকার ঐতিহাসিক চকবাজার শাহী মসজিদে ‘খতমে নবুওয়ত মহাসম্মেলন’ আয়োজনের ডাক দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলূম দিলু রোড মাদরাসা মিলনায়তনে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সাব-কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী সভাপতি ও সাব-কমিটির আহ্বায়ক মাওলানা জুনায়েদ আল হাবিব।
বৈঠকে সংগঠনের শীর্ষ ধর্মীয় নেতারা একসূত্রে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম চিহ্নিত করার জন্য জাতীয় সংসদে কার্যকর আইনি বিল পাসের তীব্র দাবি জানান।
সংগঠনের মহাসচিব ও সাব-কমিটির সমন্বয়ক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী তাঁর বক্তব্যে বলেন, 'বিশ্বের বহু মুসলিম রাষ্ট্র ইতিমধ্যেই আইনি কাঠামোর মাধ্যমে কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করেছে। বাংলাদেশেও তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম পরিচয়ে চিহ্নিত করার দাবি দীর্ঘদিনের'। তিনি সরকার ও বিরোধী দলের সকল সংসদ সদস্যের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'আসন্ন সংসদ অধিবেশনে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার লক্ষ্যে একটি আইনি বিল উত্থাপন করা সময়ের সদ্ব্যবহার ও দেশের কোটি কোটি মুসলিম জনতার প্রাণের দাবির প্রতিফলন'।
বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ২ অক্টোবর শুক্রবার বাদ জুমা পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার শাহী মসজিদে অনুষ্ঠিত হবে ‘খতমে নবুওয়ত মহাসম্মেলন’। এই সম্মেলনকে সফল করা এবং সারা দেশের মানুষের মাঝে শেষ নবীর চূড়ান্ততার আকিদাগত গুরুত্ব তুলে ধরতে বিশেষ পুস্তিকা, লিফলেট ও পোস্টার বানিয়ে দেশব্যাপী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া বৈঠকে জানানো হয়, আগামী ১৬ ও ১৭ অক্টোবর তেজগাঁও ইমাম খতীব উলামা পরিষদের উদ্যোগে যে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার দ্বিতীয় দিনে ‘আকিদায়ে খতমে নবুওয়ত’ বিষয়ক বিশেষ আলোচনা সেশন অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগরীর সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করতে পাঁচ সদস্যের একটি নতুন সাব-কমিটি গঠন করা হয়েছে। এতে রয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী সালাহউদ্দিন, সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতী আব্দুল কাইয়ুম কাসেমী, মুফতী গাজী ইয়াকুব উসমানী, সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ এবং ঢাকা মহানগর দাওয়াহ সম্পাদক মাওলানা এহতেশামুল হক সাখী।
সমাপনী বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, 'খতমে নবুওয়ত আমাদের ঈমানের মূল ভিত্তি। কাদিয়ানিদের বিভ্রান্তিকর প্রচারণা থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে রক্ষা করতে আমাদের ঘরে ঘরে দাওয়াতি কাজ ও মাঠপর্যায়ের আন্দোলন জোরদার করতে হবে'। বৈঠকে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও মুফতী কিফায়াতুল্লাহ আজহারীসহ শীর্ষ উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
মতামত