ইরাকের নবনির্বাচিত প্রেসিডেন্ট নিজার আমেদি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার রাজধানী বাগদাদের প্রেসিডেন্ট প্রাসাদে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তিনি বিদায়ী প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদের কাছ থেকে এই দায়িত্ব বুঝে নেন। এই ক্ষমতা হস্তান্তরকে ইরাকের ভঙ্গুর গণতন্ত্রে স্থিতিশীলতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।ইরাকের প্রেসিডেন্সি থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, রোববার সকালে বাগদাদ প্রাসাদে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নিজার আমেদি তার কার্যভার গ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং নতুন প্রেসিডেন্টকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি পূর্বসূরি আব্দুল লতিফ রশিদের হাত থেকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্সির দায়িত্বভার গ্রহণ করেন।দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে নিজার আমেদি বলেন, "শান্তিপূর্ণভাবে ক্ষমতার এই হস্তান্তর ইরাকের গণতান্ত্রিক ভিত্তি সুসংহত করার এবং রাষ্ট্রের স্থিতিশীলতা বৃদ্ধির একটি অপরিহার্য স্তম্ভ।" তিনি দেশের ঐক্য ও উন্নয়ন নিশ্চিত করতে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।উল্লেখ্য যে, গত শনিবার ইরাকি পার্লামেন্টে দ্বিতীয় দফার ভোটাভুটিতে ‘প্যাট্রিওটিক ইউনিয়ন অব কুর্দিস্তান’ (পিইউকে) দলের মনোনীত প্রার্থী নিজার আমেদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ইরাকের প্রচলিত রাজনৈতিক সমঝোতা অনুযায়ী, দেশটির প্রেসিডেন্টের পদটি কুর্দি সম্প্রদায়ের জন্য, প্রধানমন্ত্রীর পদটি শিয়া এবং পার্লামেন্টের স্পিকারের পদটি সুন্নি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত থাকে। নাজার আমেদির এই দায়িত্ব গ্রহণ মধ্যপ্রাচ্যের রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।