সরকার ঘোষিত জাতীয়করণের বাস্তবায়নের দাবিতে টানা ২১তম দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করছেন স্বীকৃতিপ্রাপ্ত, অনুদানভুক্ত ও অনুদানহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষকরা জানিয়েছেন, জাতীয়করণ কার্যকর না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
রোববার (২ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট জাতীয়করণ বাস্তবায়নের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করে। শিক্ষকরা জানান, অন্তর্বর্তী সরকারের ঘোষণার পরও এখনো জাতীয়করণ কার্যকর হয়নি, ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন।
বক্তারা বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত জাতীয়করণের প্রক্রিয়া শুরু না হলে তারা অবস্থান ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য অব্যাহত রাখবেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যতদিন না পর্যন্ত বেতনভুক্তির ব্যবস্থা হচ্ছে, ততদিন প্রেসক্লাবের সামনে থেকেই আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাব।”
বক্তাদের মতে, ইবতেদায়ি মাদরাসাগুলো বন্ধ হয়ে গেলে দেশের প্রাথমিক ইসলামি শিক্ষাব্যবস্থা ভেঙে পড়বে। এতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও ইসলামি বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চতর প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী সংকটে পড়বে, পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে মাদরাসা শিক্ষার আগ্রহও কমে যাবে।
আন্দোলনকারীরা সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত জাতীয়করণের বাস্তবায়ন করে ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের মানবেতর অবস্থা থেকে মুক্তি দিতে।
এই অবস্থান ধর্মঘটে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন —
বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, খেলাফত মজলিস, এনসিপি, ইসলামি ঐক্যফ্রন্ট, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), জাতীয়করণ প্রত্যাশী জোট, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
তারা সবাই সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যেন দেশের প্রাথমিক মাদরাসা শিক্ষা ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরে আসে এবং শিক্ষকরা তাদের ন্যায্য প্রাপ্যতা পান।
আপনার মতামত লিখুন