কোরআনের আলো ছড়ানো এবং খুদে হাফেজদের মেধা বিকাশের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জেলাব্যাপী ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা–২০২৬’।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত সৈয়দপুর শামছিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসা মাঠে তাহফিজুল কোরআন মাদরাসার সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন সম্পন্ন হয়। প্রতিযোগিতায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন মাদরাসার মোট ১৬০ জন শিক্ষার্থী অংশ নেন।
আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহফিজুল কোরআন মাদরাসা সৈয়দপুরের পরিচালক ও সৈয়দপুর হাফিজিয়া টাইটেল মাদরাসার সম্মানীয় মুহতামিম হাফিজ মাওলানা শায়েখ ফখরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন সৈয়দপুর হাফিজিয়া টাইটেল মাদরাসার মুহাদ্দিস হাফিজ মাওলানা সৈয়দ মঈনুল ইসলাম কাশেমী।
অনুষ্ঠানটি যৌথভাবে অত্যন্ত প্রাণবন্তভাবে পরিচালনা করেন নাশিদ সিরিজের পরিচালক জামাল আহমেদ ও তাহফিজুল কোরআন মাদরাসার সহকারী শিক্ষক হাফিজ রায়হান আহমদ। অনুষ্ঠানের ফাঁকে মনোজ্ঞ নাতে রাসুল পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পী তাহমিদ হাসান।
প্রতিযোগিতাটি মোট ৩টি গ্রুপে বিভক্ত ছিল— ১৫ পারা, ১০ পারা ও ৫ পারা। সকালে অনুষ্ঠিত প্রাথমিক বাছাই পর্বে হাফেজ কারি আব্দুল্লাহ আল মাহমুদ ও হাফেজ কারি আব্দুল্লাহ আল মামুনসহ চারজন বিজ্ঞ বিচারক দায়িত্ব পালন করে ১৮ জন প্রতিযোগীকে চূড়ান্ত বা ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত করেন। পরবর্তীতে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে প্রধান বিচারক হিসেবে নিখুঁতভাবে বিজয়ী নির্ধারণ করেন হাফিজ মাওলানা আব্দুল হাই, হাফেজ কারি গোলাম কিবরিয়া এবং হাফেজ কারি হিফজুর রহমান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য ও অনুভূতি ব্যক্ত করেন হজরত মাওলানা মনিরুল ইসলাম কাশেমী, সৈয়দপুর বাজার কমিটির সভাপতি মাওলানা সৈয়দ ছানাওর আলী, হাফেজ কারি গোলাম কিবরিয়া, হাফিজ মাওলানা আব্দুল হাই, সৈয়দ আব্দুল আলী এবং মাওলানা আমিনুল ইসলাম।
দিনভর প্রতিযোগিতা শেষে ৩টি গ্রুপের মোট ১৮ জন বিজয়ীর মাঝে সর্বমোট ৬৩ হাজার টাকার নগদ অর্থ ও পুরষ্কার সামগ্রী তুলে দেওয়া হয়। ক্যাটাগরি অনুযায়ী প্রতিটি গ্রুপের ১ম বিজয়ীকে ৬ হাজার টাকা, ২য় বিজয়ীকে ৫ হাজার টাকা, ৩য় বিজয়ীকে ৪ হাজার টাকা, ৪র্থ বিজয়ীকে ৩ হাজার টাকা এবং ৫ম ও ৬ষ্ঠ স্থান অধিকারী বিজয়ীদের নগদ অর্থ ও বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী ও স্থানীয় দানশীল ব্যক্তিদের আর্থিক পৃষ্ঠপোষকতায় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সক্রিয় উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। প্রতিযোগিতা শেষে আয়োজক কমিটির পক্ষে হিফজুল কোরআন প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপক হাফেজ মাওলানা সৈয়দ আজহাদ আহমদ এবং অন্য দায়িত্বশীলরা সফলভাবে আয়োজন সম্পন্ন হওয়ায় বিচারকমণ্ডলী, প্রবাসী অর্থদাতা, অতিথি ও উপস্থিত প্রবীণ-নবীন আলেমদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও মোবারকবাদ জ্ঞাপন করেন।
মতামত