নেপালে সাম্প্রতিক সময়ে নেমে আসা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ও ভূমিধসে বিপুলসংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে প্রতিবেশী দেশটির পীড়িত ও দুর্গত মানুষের প্রতি মানবিক সহানুভূতি ও বার্তা পৌঁছে দিতে দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশে রওনা দেন তিনি। নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছালে মাওলানা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।
উচ্চপর্যায়ের এই মানবিক সফরসঙ্গী হিসেবে মাওলানা মামুনুল হকের সঙ্গে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।
সফরকালে তিনি নেপালের বন্যা ও ভূমিধসে চরমভাবে ক্ষতিগ্রস্ত দুর্গত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করবেন এবং বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। মুসলিম উম্মাহর ভ্রাতৃত্ব এবং সার্বজনীন মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিবেশীর এই সংকটে সংহতি প্রকাশই এ সফরের মূল উদ্দেশ্য। নির্ধারিত দুই দিনের সফর শেষ করে আগামী ৮ সেপ্টেম্বর মাওলানা মামুনুল হকের বাংলাদেশে ফেরার কথা রয়েছে।
মতামত