সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর নিষিদ্ধ আকাশসীমার দিকে ড্রোন ছোড়ার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই প্রতিবাদ জানান। এর আগে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করে, মক্কার দক্ষিণে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। তবে হুথি পক্ষ থেকে এই অভিযোগকে 'পুরোনো মিথ্যা' বলে প্রত্যাখ্যান করা হয়েছে।
পবিত্র মক্কা নগরীর দিকে ড্রোন ছোড়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, 'পবিত্র মক্কা নগরী আল্লাহ তা’য়ালার ঘর কাবার কারণে সম্মানিত। এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম স্থান। এখানে যেকোনো প্রকার হামলা চালানো হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব।'
ঘটনার আকস্মিকতায় গভীর উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির আরও উল্লেখ করেন, এই হামলায় জড়িত হামলাকারী হুথি কিংবা যে কেউ হোক না কেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পবিত্র স্থানগুলোর নিরাপত্তা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর যৌথ দায়িত্ব।
এর আগে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে জানানো হয়, মক্কা নগরীর দক্ষিণ দিকে ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী। ড্রোনটি নিষিদ্ধ সামরিক আকাশসীমায় প্রবেশের আগেই তা সফলভাবে ধ্বংস করা হয় বলে দাবি করা হয়। ইয়েমেনে যুদ্ধরত যৌথ বাহিনীর মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, মক্কার নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো চেষ্টা নস্যাৎ করতে তাদের প্রতিরক্ষা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।
তবে সৌদি জোটের এই দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটির মুখপাত্র হাজেম আল-আসাদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় লেখেন, মক্কাকে লক্ষ্যবস্তু করার এই অভিযোগ একটি 'পুরোনো মিথ্যাচার'। অতীতেও তাদের বিরুদ্ধে এমন মনগড়া অভিযোগ আনা হয়েছে এবং এ ধরনের তথ্য দিয়ে কাউকে বিভ্রান্ত করা যাবে না বলে তিনি দাবি করেন।
পবিত্র হারামাইন শারিফায়িনের নিরাপত্তা নিশ্চিত করা এবং এর পবিত্রতা রক্ষা করার ক্ষেত্রে আন্তর্জাতিক মুসলিম বিশ্বকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা।
মতামত