রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে আয়োজিত ‘ন্যাশনাল ওলামা সামিটে’ বিশেষ অতিথির বক্তব্যে সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, শুধুমাত্র সব ইসলামী দল এক হলেই ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। তিনি আলেমদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, ওয়াজ মাহফিলে বিপুল জনসমাগম হলেও তারা সরাসরি রাজনৈতিক ভোটার নন। দেশ গঠন ও ইসলাম প্রতিষ্ঠায় কেবল বক্তব্যের আস্ফালন না করে আলেমদের সুসংগঠিত হওয়া এবং সাধারণ জনগণের সাথে গণযোগাযোগ বৃদ্ধিতে মনোযোগী হওয়ার তাগিদ দেন তিনি।
ইসলাম প্রতিষ্ঠা ও দেশ গঠনে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই মন্তব্য করে সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নিজেদের সীমাবদ্ধতা ও বাস্তব পরিস্থিতি অনুধাবন করা জরুরি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে আয়োজিত ‘ন্যাশনাল ওলামা সামিটে’ বক্তব্য দেওয়ার সময় তিনি ইসলামী রাজনীতি ও আলেমদের ভূখণ্ডগত শক্ত ভিত্তির ওপর গুরুত্বারোপ করেন।
বক্তব্যে তিনি বলেন, 'কোনো পিঁপড়া একা হাঁটে না, এমনকি জঙ্গলের কোনো হাতিও একা হাঁটে না। অথচ আমরা দশদিকে দশটি গ্রুপে বিভক্ত।' আলেমসমাজকে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকার প্রতি তাগিদ দিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাবে।
রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে ড. খালিদ হোসেন বলেন, 'কাদামাটির ওপর দাঁড়িয়ে যুদ্ধ করা যায় না; তাই পায়ের নিচের মাটি শক্ত আছে কি না, সেটি আগে নিশ্চিত হতে হবে।'
আলেমদের ওয়াজ মাহফিল ও রাজনৈতিক গণভিত্তির মধ্যকার ব্যবধান পরিষ্কার করে তিনি বলেন, 'আমরা যখন ওয়াজ করি লাখ লাখ মানুষ ওয়াজ শুনতে আসে, কিন্তু এরা আমার ভোটার নয়; এখানেই ভুলটা হয়।' ভোটের হিসাবের পরিসংখ্যান টেনে তিনি উল্লেখ করেন, বিগত নির্বাচনগুলোতে বিএনপি যেখানে ফিফটি পারসেন্ট ভোট পেয়েছে, সেখানে জামায়াতে ইসলামীসহ অন্যান্য দল মিলে দাঁড়িয়েছে ৩৫ পারসেন্ট। আর জামায়াতে ইসলামী বাদ দিলে বাকি ইসলামী দলগুলোর প্রাপ্ত ভোট মাত্র ৫.৫৫ পারসেন্ট।
তিনি প্রশ্ন তুলে বলেন, 'সব ইসলামী দল এক হলেও আমরা ক্ষমতায় যেতে পারবো না, তাহলে এত আস্ফালন কিসের?' সাধারণ জনগণের সাথে আলেমদের প্রকৃত যোগাযোগের অভাব রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, আগামী ২০৩১ সালের মধ্যে পরিস্থিতি ইতিবাচকভাবে বদলে যেতে পারে, তবে তার জন্য জনগণকে সাথে নিয়ে ধীরস্থির ও গঠনমূলক কাজ চালিয়ে যেতে হবে।
মতামত