আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা ও বৈশ্বিক বাণিজ্যের স্থায়িত্ব নিশ্চিত করা সব রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব বলে মন্তব্য করেছেন সৌদি নেতৃত্বাধীন বহুজাতিক মেরিটাইম ডিফেন্স কোয়ালিশনের (এমএমডিসি) কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরি। শুক্রবার সৌদি আরবের জেদ্দায় জোটটির চতুর্থ পরিকল্পনা বৈঠক শেষে তিনি স্পষ্ট জানিয়ে দেন, সামুদ্রিক নিরাপত্তার জন্য যেকোনো হুমকি কঠোরভাবে প্রতিহত করা হবে।
বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী আরব উপদ্বীপ সংলগ্ন সামুদ্রিক পথগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে মুসলিম বিশ্বের নেতৃত্বস্থানীয় দেশ সৌদি আরব ও তার মিত্ররা। গালফ অব এডেন, বাব আল-মান্দেব প্রণালি এবং লোহিত সাগরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে নৌযান চলাচল নির্বিঘ্ন রাখতে গঠিত 'বহুজাতিক মেরিটাইম ডিফেন্স কোয়ালিশন' (এমএমডিসি) এখন কার্যকর অভিযানে নামার পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে।
গত জুলাই মাসে ১৪টি দেশের সমন্বয়ে গঠিত এই বহুজাতিক জোটের মূল লক্ষ্য হচ্ছে আঞ্চলিক সামুদ্রিক স্থিতিশীলতা রক্ষা করা এবং কৌশলগত জলপথগুলোতে যেকোনো অবৈধ হামলা ও বৈশ্বিক বাণিজ্যে বাধা সৃষ্টির চক্রান্ত নস্যাৎ করা।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়েছে, জেদ্দায় আয়োজিত এই চতুর্থ পরিকল্পনা বৈঠকটি জোট গঠন প্রক্রিয়া থেকে সরাসরি মাঠপর্যায়ের কার্যকর অভিযানে রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এতে বলা হয়, জোটটি ইতিমধ্যে তার 'প্রাথমিক কার্যক্রম পরিচালনার সক্ষমতা' (Initial Operational Capability) অর্জন করেছে, যা আন্তর্জাতিক জলপথ সুরক্ষায় একটি বড় মাইলফলক।
মুসলিম বিশ্বের একতা ও আন্তর্জাতিক সহযোগিতার বার্তা দিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিশ্বের ৪১টি ভ্রাতৃপ্রতিম ও বন্ধুত্বপূর্ণ দেশের প্রতিনিধিরা সরাসরি অংশ নেন। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। বিশ্ববাণিজ্য ও মুসলিম বিশ্বের কৌশলগত সামুদ্রিক সীমানার সুরক্ষায় এই ধরনের উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা।
মতামত