পবিত্র কোরআনের শিক্ষা বিস্তার, বিশুদ্ধ তেলাওয়াতের চর্চা এবং বিশ্বমঞ্চে বাংলাদেশি ক্বারীদের অবস্থান আরও সুসংহত করার প্রত্যয় নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের এক প্রতিনিধিদল।
মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থার মহাসচিব শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি কোরআনের মহান বার্তা ও শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “পবিত্র কোরআন মানবজাতির মুক্তি ও হেদায়েতের জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে অবতীর্ণ সর্বশেষ ও পূর্ণাঙ্গ জীবনবিধান। যুগে যুগে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের শিক্ষা ও এর চিরন্তন আদর্শের ধারাবাহিক প্রচার বজায় রাখা এবং আগামী প্রজন্মের কাছে দ্বীনের এ খেদমত পৌঁছে দেওয়া আমাদের ঈমানি দায়িত্ব।”
বৈঠকে প্রতিনিধিদলের সদস্যগণ বাংলাদেশে কোরআন কেন্দ্রিক শিক্ষা ও গবেষণার সম্প্রসারণ, দাওয়াহ কার্যক্রমের গতিশীলতা, নতুন প্রজন্মের যুগোপযোগী ক্বারী ও কোরআন বিশেষজ্ঞ তৈরির প্রাতিষ্ঠানিক উদ্যোগ এবং আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতায় বাংলাদেশের গৌরবময় প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রপতি প্রতিনিধিদলের এসব উদ্যোগের প্রতি গভীর সন্তোষ প্রকাশ করেন এবং কোরআন কেন্দ্রিক সেবা ও গবেষণাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে আন্তর্জাতিক ক্বারী সাইদুল ইসলাম আসাদ বঙ্গভবনে কোরআন তেলাওয়াত করেন। রাষ্ট্রপতি অত্যন্ত মনোযোগ সহকারে তেলাওয়াত শ্রবণ করেন এবং আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার কার্যক্রমের সাফল্য কামনা করেন।
রাষ্ট্রপতির প্রেস উইং থেকে প্রাপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ নভেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশ্বখ্যাত ক্বারীদের উপস্থিতিতে এক ঐতিহাসিক আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য ক্বিরাত সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়। রাষ্ট্রপতি সানন্দে এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং সম্মেলন সাফল্যমণ্ডিত করতে উপস্থিত থাকার আশ্বাস প্রদান করেন।
বঙ্গভবনে অনুষ্ঠিত এই বৈঠকে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন। এছাড়া আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি মাওলানা যোবায়ের আহমাদ কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ ও মাওলানা ক্বারী মাসউদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউসুফ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আবু সালেহ এবং হাওয়ারিয়্যীন পরিষদ সমন্বয়ক মো. আল আমিন রাকিব তনয়।
মুসলিম জাহানে কোরআনের বাণী ছড়িয়ে দেওয়া এবং বিশুদ্ধ ক্বিরাতের সুরধারা রক্ষা করার মাধ্যমে যুবসমাজকে কোরআনমুখী করার এ আয়োজনকে দেশের শীর্ষ ও আন্তর্জাতিক আলেম সমাজ অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন।
মতামত