লিবিয়ার প্রধান মুফতি শেখ সাদিক আল-ঘরিয়ানি অভিযোগ করেছেন, দেশটির পূর্বাঞ্চলীয় সামরিক নেতা খলিফা হাফতার ও তাঁর ছেলেরা লিবিয়া ও সুদানে হত্যাকাণ্ড চালানো এবং সুদানে যুদ্ধ উসকে দেওয়া ও তা অব্যাহত রাখার উদ্দেশ্যে অস্ত্র ও গোলাবারুদবোঝাই দুটি যুদ্ধজাহাজ পাঠিয়েছেন।
এক বক্তব্যে তিনি বলেন, হাফতার ও তাঁর ছেলেরা লিবীয়দের হত্যা করার পাশাপাশি সুদানের ভাইদের হত্যার উদ্দেশ্যেও অস্ত্র ও গোলাবারুদ পাঠাচ্ছেন। সুদানে যুদ্ধের আগুন জ্বালিয়ে রাখা এবং সংঘাত দীর্ঘায়িত করাই তাঁদের উদ্দেশ্য।
তিনি বলেন, হাফতার ও তার ছেলেরা যা করছেন, সেটিই তাঁদের কর্মকাণ্ডের বাস্তব চিত্র।
আল-ঘরিয়ানি আরও বলেন, এ পরিস্থিতির মধ্যেই হাফতার ও তাঁর পরিবারের সদস্যরা দ্রুত বিভিন্ন অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে ছুটেছেন। তাঁদের কেউ মিসর সফর করেছেন, হাফতার নিজে তুরস্কে গেছেন এবং পরিবারের অন্য একজন সদস্য কাতার সফর করেছেন।
সম্প্রতি হাফতারের তুরস্ক সফরের খবরও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। ২০২৬ সালের ২৪ নভেম্বর তাঁর আঙ্কারা সফরের বিষয়ে আলজাজিরা প্রতিবেদন প্রকাশ করে।
লিবিয়ার প্রধান মুফতি বলেন, দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে এসব দেশে এবং আন্তর্জাতিক রাজনীতির সর্বত্র একটি ধারণা প্রাধান্য বিস্তার করেছে। সেটি হলো, লক্ষ্য অর্জনের জন্য যেকোনো উপায় অবলম্বন করা যায়। এই নীতিকে তারা ‘বাস্তববাদ’ বা ‘প্র্যাগম্যাটিজম’ বলে অভিহিত করে।
তাঁর ভাষায়, এ ধরনের চিন্তাধারা ইসলামের দৃষ্টিতে বৈধ নয়। কোনো মুসলমানের জন্য এমন নীতিতে বিশ্বাস করাও জায়েজ নয়। কারণ, ইসলামী শরিয়ত প্রত্যেক মুসলমানের জন্য, তিনি শাসক হোন কিংবা শাসিত, লক্ষ্য অর্জনের উপায় ও উদ্দেশ্য উভয় ক্ষেত্রেই মহান আল্লাহর নির্দেশ মেনে চলা এবং তাঁর নির্ধারিত সীমারেখা অতিক্রম না করার শর্ত দিয়েছে।
তিনি আরও বলেন, ‘আমার একটি লক্ষ্য রয়েছে’ কিংবা ‘আমার দেশের একটি স্বার্থ রয়েছে’, এমন অজুহাতে কোনো অপরাধীকে রক্ষা করা, তাকে সমর্থন দেওয়া, তার অপরাধ প্রকাশ্যে চলে এলে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা কিংবা তার পতন ঠেকাতে পাশে দাঁড়ানো কোনোভাবেই সঠিক নয়।
আল-ঘরিয়ানি এসব কর্মকাণ্ডকে বড় গুনাহ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এগুলো এমন অপরাধ, যার সঙ্গে জড়িত ব্যক্তিদের অভিশাপ ও আল্লাহর ক্রোধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ ধরনের কাজে যিনি অংশ নেবেন, তিনি শাসক হোন কিংবা সাধারণ নাগরিক, তাঁর জন্যও একই বিধান প্রযোজ্য।
হাফতার ও তার ছেলেদের সফর করা দেশগুলোর নেতাদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের এ বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করা এবং শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। কারণ, যে বিষয়টি তাঁদের জন্য স্থায়ী কল্যাণ বয়ে আনবে, সংকটের সময় তাঁদের পাশে থাকবে এবং বিপদ থেকে মুক্তি দেবে, তা কেবল মহান আল্লাহর সন্তুষ্টি।
তিনি আরও বলেন, হাফতার ও তাঁর সহযোগীরা লিবীয়দের পকেট থেকে অর্থ লুট করে সেই দুর্নীতিগ্রস্ত ও হারাম অর্থ দিয়ে বিভিন্ন রাষ্ট্র, প্রতিষ্ঠান এবং ভাড়াটে যোদ্ধাদের আনুগত্য কেনার চেষ্টা করছেন। কিন্তু এসব অর্থ তাঁদের কোনো উপকারেই আসবে না।
আল-ঘরিয়ানির বক্তব্যের শেষাংশে তিনি জোর দিয়ে বলেন, ক্ষমতা, রাজনৈতিক স্বার্থ কিংবা আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার নামে অন্যায়কে সমর্থন করা এবং অপরাধীদের রক্ষা করা কোনো মুসলমানের জন্য গ্রহণযোগ্য হতে পারে না।
মতামত