ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। নিরাপদ পানির সংকট, স্বাস্থ্যবিধি সামগ্রীর অভাব, আশ্রয়হীনতা এবং সংক্রামক রোগের ঝুঁকি বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ।
সংস্থাটির প্রকাশিত তথ্য অনুযায়ী, গাজার মোট জনসংখ্যার ৮৫ শতাংশ নিরাপদ পানির সরবরাহে বারবার বিঘ্নের মুখোমুখি হচ্ছে। একই সঙ্গে ৭৬ শতাংশ পরিবার সাবানসহ মৌলিক স্বাস্থ্যবিধি বজায় রাখার প্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকটে রয়েছে।
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪০ হাজারের বেশি আশ্রয়কেন্দ্র
গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক। ইউএনআরডব্লিউএ জানিয়েছে, প্রায় ১৯ লাখ ৮০ হাজার ফিলিস্তিনির জরুরিভিত্তিতে আশ্রয় সহায়তা প্রয়োজন।
সম্প্রতি ভারী বৃষ্টিপাতের কারণে ৪০ হাজারের বেশি অস্থায়ী আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ২ লাখ ২০ হাজারের বেশি মানুষের জীবনযাত্রার পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত অবস্থায় থাকা এসব মানুষের অনেকেই অস্থায়ী তাঁবু ও অপর্যাপ্ত আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। বৃষ্টিপাতের ফলে এসব আশ্রয়স্থল ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে।
মেনিনজাইটিসের সন্দেহভাজন রোগী বাড়ছে
গাজায় মানবিক সংকটের পাশাপাশি জনস্বাস্থ্য পরিস্থিতিরও অবনতি হচ্ছে। ইউএনআরডব্লিউএ জানিয়েছে, মেনিনজাইটিস বা মস্তিষ্ক ও মেরুরজ্জুর আবরণীর প্রদাহজনিত রোগের সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সংস্থাটি সতর্ক করেছে, অতিরিক্ত জনসংখ্যার ঘনত্ব, ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো এবং পর্যাপ্ত স্বাস্থ্যসেবার অভাব রোগের বিস্তার ও জনস্বাস্থ্য পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।
ইসরায়েলি বিধিনিষেধে সহায়তা পৌঁছানো বাধাগ্রস্ত
ইউএনআরডব্লিউএ বলছে, গাজায় চলমান মানবিক সংকটের পেছনে অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ইসরায়েলের আরোপিত বিধিনিষেধ এবং মানবিক সহায়তা প্রবেশে বাধাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নিরাপদ পানি, স্বাস্থ্যবিধি সামগ্রী, আশ্রয় এবং চিকিৎসাসেবার সংকট একে অপরের সঙ্গে সম্পর্কিত হয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
সংস্থাটি সতর্ক করেছে, প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রবেশ এবং জরুরি সেবা নিশ্চিত করা না গেলে গাজার মানবিক ও জনস্বাস্থ্য সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।
মতামত