ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সংখ্যালঘু কল্যাণ দপ্তর নির্ধারিত মানদণ্ড পূরণ না করে পরিচালিত হওয়ার অভিযোগে ১৪টি মাদ্রাসাকে নোটিশ জারি করেছে। নোটিশ পাওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানই এর জবাব দেয়নি।
নোটিশপ্রাপ্ত মাদ্রাসাগুলোর অধিকাংশই হরিদ্বার জেলায় অবস্থিত। রাজ্য সংখ্যালঘু শিক্ষা কর্তৃপক্ষের (স্টেট মাইনরিটি এডুকেশন অথরিটি) পরিদর্শনে কিছু প্রতিষ্ঠানে বেশ কিছু ঘাটতি পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে, যার মধ্যে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পোশাকবিধি (ড্রেস কোড) না থাকা এবং পর্যাপ্ত আসবাবপত্রের অভাব উল্লেখযোগ্য।
নির্ধারিত মানদণ্ড লঙ্ঘন এবং রাজ্য সংখ্যালঘু শিক্ষা কর্তৃপক্ষের স্বীকৃতি ছাড়াই ধর্মীয় শিক্ষা প্রদানের অভিযোগে এই নোটিশগুলো জারি করা হয়েছে।
প্রশাসনের এই পদক্ষেপে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মধ্যে মাদ্রাসা শিক্ষার প্রতি দৃষ্টিভঙ্গি এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। মুসলিম সমাজের একাংশ প্রশ্ন তুলেছেন, মুসলিম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সরকারের এই কঠোর অবস্থান তাদের ঘোষিত ‘সবকা সাথ, সবকা বিকাশ’ (সবার সাথে, সবার উন্নয়ন) স্লোগান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকারের সঙ্গে আদৌ সামঞ্জস্যপূর্ণ কি না।
তাদের যুক্তি হলো, মাদ্রাসাগুলোর বিরুদ্ধে বারবার এ ধরনের নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হলে তা বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিশুদের শিক্ষার সুযোগ সংকুচিত করার ঝুঁকি তৈরি করে; কারণ এসব প্রতিষ্ঠানই মূলত দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করে থাকে। মুসলিম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি অসম আচরণ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষাগত উদ্বেগের প্রতি যথাযথ মনোযোগ না দেওয়ার বিষয়টি নিয়েও তীব্র আপত্তি উঠেছে।
অনেক মুসলিম মনে করছেন, তাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ক্রমবর্ধমান নজরদারির মুখে ফেলা হচ্ছে, অথচ বৈষম্য ও সমান আচরণের বিষয়ে তাদের ন্যায্য উদ্বেগগুলো পর্যাপ্ত গুরুত্ব পাচ্ছে না। নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাগুলো ন্যায্যভাবে বাস্তবায়ন করা হচ্ছে কি না এবং কর্তৃপক্ষ মুসলিম শিশুদের শিক্ষাগত চাহিদার কথা বিবেচনায় নিচ্ছে কি না—তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
উল্লেখ্য, ২০২৬ সালের ১ জুলাই উত্তরাখণ্ড সরকার কর্তৃক প্রবর্তিত নতুন ব্যবস্থার অধীনে রাজ্যের মাদ্রাসা বোর্ড বিলুপ্ত করে ভিন্ন একটি স্বীকৃতি ব্যবস্থা চালু করা হয়। নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ বিদ্যালয় শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা দপ্তর থেকে এবং ধর্মীয় শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে রাজ্য সংখ্যালঘু শিক্ষা কর্তৃপক্ষের কাছ থেকে স্বীকৃতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
ধর্মীয় শিক্ষা প্রদানকারী সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য এই কর্তৃপক্ষের স্বীকৃতি বাধ্যতামূলক করা হলেও, বেশ কয়েকটি মাদ্রাসা এখনো স্বীকৃতির জন্য আবেদন করেনি বলে জানা গেছে।
পরিদর্শনকালে আরও দেখা গেছে যে, কিছু প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। নির্দিষ্ট কিছু মাদ্রাসায় ড্রেস কোড ও পর্যাপ্ত বসার ব্যবস্থার অভাবের পাশাপাশি, প্রয়োজনীয় স্বীকৃতি ছাড়াই কিছু মসজিদের ভেতরে ধর্মীয় শিক্ষা প্রদান করা হচ্ছে বলেও তথ্য পেয়েছে কর্তৃপক্ষ।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, এমনকি কিছু স্বীকৃত মাদ্রাসাতেও নির্ধারিত শিক্ষাগত সুযোগ-সুবিধার ক্ষেত্রে ঘাটতি পাওয়া গেছে।
এ বিষয়ে সংখ্যালঘু কল্যাণ দপ্তরের বিশেষ সচিব পরাগ মধুকর ধাকাতে বলেছেন, স্বীকৃতি ছাড়া ধর্মীয় শিক্ষা প্রদানকারী মাদ্রাসাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মতামত