বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার কৌশলগত প্রতিরক্ষা অংশীদারত্ব আরও গভীর করার লক্ষ্যে তুরস্ক সফর করছে ১৫ সদস্যের উচ্চপর্যায়ের বাংলাদেশি প্রতিনিধি দল। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ERD) সচিব শরিয়ার কাদের সিদ্দিকীর নেতৃত্বে প্রতিনিধি দলটির এই সফরে প্রতিরক্ষা সহযোগিতা বিশেষ গুরুত্ব পাচ্ছে।
সফরের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিনিধি দলের তুরস্কের প্রতিরক্ষা শিল্প অধিদপ্তরের (Presidency of Defence Industries বা SSB) সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। আলোচনায় প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তর, শিল্প সহযোগিতা এবং বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা শিল্পের বিকাশে সম্ভাব্য যৌথ উদ্যোগ চিহ্নিত করার বিষয়গুলো গুরুত্ব পাবে।
বাংলাদেশ ও তুরস্ক ইতোমধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। এর ধারাবাহিকতায় দুই দেশের প্রতিরক্ষা খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি এবং বিদ্যমান অংশীদারত্বকে আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
গত ১০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বৈঠকেও প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, যৌথ বিনিয়োগ এবং বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের জন্য এ উদ্যোগ প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তর, স্থানীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, যৌথ উদ্যোগ গ্রহণ এবং প্রতিরক্ষা শিল্পের প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। এসব ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হলে দীর্ঘমেয়াদে নিজস্ব প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি উৎপাদনের সক্ষমতা অর্জনে বাংলাদেশ এগিয়ে যেতে পারে।
মতামত