ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটির মিনাব শহরের একটি বিদ্যালয়ে হামলায় ১৬৮ শিশুর প্রাণহানির ঘটনা ইরান কখনো ভুলবে না। এ হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, মিনাবের ১৬৮ শিশুর মৃত্যুর দায় যুক্তরাষ্ট্র সরকার ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর। এ ঘটনা মানবাধিকার রক্ষার দাবিদারদের ভণ্ডামি ও দ্বিচারিতা প্রকাশ করে।
তিনি আরও লেখেন, ‘এমন কোনো কষ্ট নেই, যা একজন বাবার সেই সন্তানকে কবরে শুইয়ে দেওয়ার কষ্টের চেয়ে বেশি, যে সন্তানের থাকার কথা ছিল তাঁর বুকের মধ্যে।’
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরে অবস্থিত ‘শাজরেহ তাইয়্যেবেহ’ (Shajareh Tayyebeh) প্রাথমিক বিদ্যালয়ে গত ২৮ ফেব্রুয়ারি হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে সামরিক অভিযান শুরুর প্রথম দিন বিদ্যালয়ে পাঠদান চলাকালে এ হামলা হয়।
ইরানি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, হামলায় ১৬৮ শিশু নিহত হয়। এ ছাড়া বিদ্যালয়ের ১৪ জন শিক্ষক ও কর্মচারীও প্রাণ হারান।
ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও তদন্তের দাবি উঠেছে। জাতিসংঘের ইরানবিষয়ক তথ্যানুসন্ধানী মিশন এ হামলার তদন্ত শুরু করেছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তেও হামলায় মার্কিন বাহিনীর সংশ্লিষ্টতার সম্ভাবনা উঠে এসেছিল। তবে তদন্তের চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশের বিষয়টি তখনো বাকি ছিল।
মতামত