গাজায় ইসরায়েলের বর্বর সামরিক অভিযান, ব্যাপক প্রাণহানি ও চরম মানবিক সংকটের প্রতিবাদে ২০২৭ সালের ইউরোভিশন গানের প্রতিযোগিতা বর্জনের ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিই (RTE) এবং নেদারল্যান্ডসের এভিআরওট্রোস (AVROTROS)। ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (EBU) ইসরায়েলি সংস্থাকে প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৭ সালের মে মাসে বুলগেরিয়ার বুর্গাসে প্রতিযোগিতাটি আয়োজনের কথা রয়েছে।
গাজায় ইসরায়েলের অব্যাহত সামরিক আগ্রাসন, হাজার হাজার বেসামরিক মানুষের প্রাণহানি এবং অভূতপূর্ব মানবিক সংকটের পটভূমিতে ২০২৭ সালের ইউরোভিশন গানের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিই। একইসঙ্গে, ইসরায়েলকে এতে অংশ নেওয়ার সুযোগ দেওয়ায় ইউরোভিশন বয়কটের পথ বেছে নিয়েছে নেদারল্যান্ডসের সম্প্রচার সংস্থা এভিআরওট্রোসও।
আয়ারল্যান্ডের জন্য এটি টানা দ্বিতীয় বছরের মতো ইউরোভিশন বর্জনের ঘটনা। এর আগে ২০২৬ সালে ভিয়েনায় অনুষ্ঠিত প্রতিযোগিতাও বয়কট করেছিল দেশটি। ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ) ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম 'কান'-কে অংশ নেওয়ার অনুমতি দিলে আয়ারল্যান্ডসহ একাধিক ইউরোপীয় দেশ প্রতিবাদমুখর হয়ে ওঠে।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে আরটিই স্পষ্ট জানিয়েছে, গাজায় প্রতিনিয়ত অসংখ্য বেসামরিক মানুষের প্রাণহানি ঘটছে এবং চরম মানবিক সংকট তৈরি হয়েছে। এমন এক পরিস্থিতিতে এই সাংস্কৃতিক প্ল্যাটফর্মে আয়ারল্যান্ডের অংশগ্রহণ কোনোভাবেই নীতিগতভাবে যৌক্তিক হতে পারে না।
এর আগে ২০২৬ সালের আসরেও ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে আয়ারল্যান্ডের সঙ্গে স্পেন, নেদারল্যান্ডস ও স্লোভেনিয়া প্রতিযোগিতা বয়কট করেছিল। উল্লেখ্য, ১৯৭০ থেকে ১৯৯৬ সালের মধ্যে সাতবার শিরোপা জিতে সুইডেনের সঙ্গে যৌথভাবে ইউরোভিশনের ইতিহাসে সফলতম দেশের রেকর্ড ধরে রেখেছে আয়ারল্যান্ড।
অন্যদিকে, নেদারল্যান্ডসের সম্প্রচারমাধ্যম এভিআরওট্রোস তাদের বর্জনের কারণ ব্যাখ্যা করে জানিয়েছে, কোনো অংশগ্রহণকারী দেশ যখন সরাসরি বড় ধরনের গণহত্যা বা সামরিক সংঘাতের সঙ্গে যুক্ত থাকে, তখন এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতাকে আর নিরপেক্ষ বা অরাজনৈতিক হিসেবে বিবেচনা করার সুযোগ থাকে না।
২০২৭ সালের ইউরোভিশন প্রতিযোগিতাটি বুলগেরিয়ার বুর্গাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অ্যারেনা বুর্গাসে আগামী ১১ ও ১৩ মে সেমি-ফাইনাল এবং ১৫ মে গ্র্যান্ড ফাইনাল আয়োজনের সময়সূচি নির্ধারিত। ২০২৬ সালে ভিয়েনায় ‘বাঙ্গারাঙ্গা’ গান গেয়ে সংগীতশিল্পী দারা বুলগেরিয়াকে প্রথম জয় এনে দেওয়ায় দেশটি এই আসর আয়োজনের অধিকার লাভ করে।
আন্তর্জাতিক অঙ্গনে প্রচণ্ড চাপের মুখে থাকলেও ইসরায়েল তাদের বিরুদ্ধে ওঠা গণহত্যার সমস্ত অভিযোগ ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে। তাদের দাবি, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে পরিচালিত সামরিক অভিযান নিছকই 'আত্মরক্ষা' এবং তা আন্তর্জাতিক আইন মেনে করা হচ্ছে।
তবে জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্যানুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় এ পর্যন্ত ৭৩ হাজার ৭৮০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বড় একটি অংশই নারী ও শিশু। বিশ্বজুড়ে প্রবল গণদাবি ও সাংস্কৃতিক বয়কট সত্ত্বেও পশ্চিমা মূলধারার কিছু সংস্থা ইসরায়েলকে ছাড় দিয়ে যাচ্ছে বলে সমালোচনা বাড়ছে।
মতামত