ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপালে মুসলিমবিদ্বেষী কর্মকাণ্ড চালিয়ে চরম বিতর্কের জন্ম দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন ‘সকল হিন্দু সমাজ’। শনিবার (৩ অক্টোবর) আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটির অনুসারীরা হালাল সার্টিফাইড পণ্য বয়কটের আহ্বান জানায় এবং ভিত্তিহীন অভিযোগ তোলে যে, এসব পণ্যের আয় সন্ত্রাসবাদে ব্যবহৃত হয়। সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর তীব্র সমালোচনা শুরু হলেও এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
ভারতে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় রীতি, জীবনযাত্রা ও অর্থনৈতিক অধিকারের ওপর উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর ধারাবাহিক আক্রমণের অংশ হিসেবে এবার হালাল সার্টিফাইড পণ্যকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মধ্যপ্রদেশের ভোপালে ‘সকল হিন্দু সমাজ’ নামক একটি চরমপন্থী উগ্র হিন্দুত্ববাদী জোটের উদ্যোগে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখান থেকে প্রকাশ্যে হালাল পণ্য বয়কটের ডাক দেওয়া হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায়, উগ্রপন্থী বক্তারা সাধারণ হিন্দুদের (যাদের তারা 'সনাতনী' বলে অভিহিত করে) হালাল লেবেলযুক্ত যেকোনো খাদ্য ও প্রসাধন সামগ্রী না কেনার জন্য চরম উসকানি দিচ্ছে। একই সঙ্গে সমাবেশে উগ্র মুসলিমবিদ্বেষী ও ইসলামফোবিক স্লোগান যেমন 'ইসলামিক জিহাদ মুর্দাবাদ' ধ্বনি দিতে দেখা যায়।
সমাবেশে বক্তব্য প্রদানকালে হিন্দুত্ববাদী বক্তারা অভিযোগ তোলেন, প্যাকেটজাত খাদ্য ও অন্যান্য সামগ্রীতে ব্যবহৃত হালাল সার্টিফিকেশন নাকি কেবল ধর্মীয় খাদ্যাভ্যাসের বিধিনিষেধের মধ্যেই সীমাবদ্ধ নেই। তাদের দাবি, হালাল সনদ প্রদানের মাধ্যমে সংগৃহীত বিপুল অর্থ ভারতে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নে ব্যবহৃত হচ্ছে। তবে তাদের এই গুরুতর দাবির পক্ষে কোনো তথ্যপ্রমাণ উপস্থাপন করতে পারেনি সংগঠনটি। মানবাধিকার কর্মী ও অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাজার ও সাধারণ ধর্মীয় চাহিদার ভিত্তিতে চালুকৃত একটি বৈধ বাণিজ্যিক সনদ ব্যবস্থার বিরুদ্ধে এ জাতীয় বিভ্রান্তিকর বক্তব্য মূলত মুসলিমদের অর্থনৈতিকভাবে পঙ্গু করার এবং সাম্প্রদায়িক মেরুকরণ তীব্র করার ষড়যন্ত্র।
সামাজিক মাধ্যমে এই ভিডিও প্রকাশের পরপরই ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বহু নেটিজেন ও হালাল পণ্যের ক্রেতারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং উসকানিমূলক ও সাম্প্রদায়িক ঘৃণ ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মধ্যপ্রদেশ পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
ঘটনাস্থল ভোপাল হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত মধ্যপ্রদেশ পুলিশ বা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বিতর্কিত এই ঘটনার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো বা উসকানিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
মতামত