স্পেনের কেন্দ্রীয় অঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের মর্মান্তিক সংঘর্ষে অন্তত ৬৪ জনের প্রাণহানির ঘটনায় দেশটির প্রতি সমবেদনা ও একাত্মতা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এনসোশ্যাল’-এ প্রকাশিত এক বার্তায় তুর্কি প্রেসিডেন্ট বলেন, “আমার দেশ এবং জাতির পক্ষ থেকে প্রিয়জনহারা মানুষদের গভীর শোকে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে শরিক হচ্ছি। স্পেনের জনগণ এবং সরকারের প্রতি তুরস্কের ঐক্য ও সংহতির বার্তা পৌঁছে দিচ্ছি।” পাশাপাশি তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, স্পেনের কেন্দ্রীয় অঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষের এই মারাত্মক দুর্ঘটনায় অন্তত ৬৪ জন নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েছেন। স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে রেলওয়ের প্রায় ৬০ কিলোমিটার এলাকাজুড়ে একটি আইটি বা প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়, যার ফলে স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং ওই রুটে চলাচলকারী ছয়টি ট্রেন আটকে যায়।
পরবর্তীতে রেলওয়ের অবকাঠামো পরিচালনা প্রতিষ্ঠান ‘অ্যাডিফ’ (Adif)-এর নিয়ন্ত্রণ কক্ষ থেকে ম্যানুয়ালি বা মানবীয় উপায়ে ট্রেন চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। নিয়ন্ত্রণ কক্ষ থেকে একটি স্থির হয়ে থাকা ‘ইরিও’ (Iryo) সার্ভিসের ঠিক পেছনে থাকা আরেকটি ট্রেনকে স্বাভাবিক গতিতে যাত্রা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। পরিবহনমন্ত্রী পুয়েন্তে জানান, সিস্টেম ফেইলিউর বা প্রযুক্তিগত ত্রুটি শুরু হওয়ার মাত্র ছয় মিনিট পর, অর্থাৎ সকাল ৮টা ৩৬ মিনিটে ট্রেনটিকে চলার অনুমতি দেওয়া হয়েছিল।
এদিকে, কাস্টিল-লা মানচা অঞ্চলের প্রেসিডেন্ট এমিলিয়ানো গার্সিয়া-পাগেজ সতর্ক করে বলেছেন, ঘটনাস্থলে উদ্ধারকাজ অব্যাহত থাকায় এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
মতামত