তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব তাদের যৌথ প্রতিরক্ষা জোটে নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা করেছে। সম্ভাব্য সদস্য দেশগুলোর জন্য একটি রূপরেখা তৈরি এবং সদস্যপদ প্রদানের নীতিমালা নির্ধারণের বিষয়ে দেশ তিনটি একমত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠক শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ তথ্য জানান।
ইরান যুদ্ধকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে গত আগস্টে মক্কায় তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছিল। চুক্তিতে কোনো সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে অন্য দেশগুলো তার সহায়তায় এগিয়ে আসার প্রতিশ্রুতি দেয়।
তিন দেশের প্রতিরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও সামরিক প্রধানদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠক শেষে হাকান ফিদান বলেন, জোটে যোগ দিতে আগ্রহী অন্যান্য দেশগুলোর জন্য কী ধরনের কাঠামো ও প্রক্রিয়া অনুসরণ করা হবে, তা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, ‘অন্য যেসব দেশ সদস্য হতে চায়, তাদের ক্ষেত্রে কী ধরনের রূপরেখা অনুসরণ করা উচিত, তা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা কিছু নীতিমালার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। সংক্ষেপে বলতে গেলে, সবকিছুই খুব ভালোভাবে এগোচ্ছে।’
সম্পর্ক জোরদারের অঙ্গীকার
ইসলামাবাদের বৈঠকে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা এবং নিজেদের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার করেছে। একই সঙ্গে ইয়েমেনের হুতি গোষ্ঠীর অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশ তিনটি।
গত আগস্টে কোনো সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে অন্য সদস্যরা তার সহায়তায় এগিয়ে আসার প্রতিশ্রুতি দিয়ে ন্যাটোর আদলে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর তিন দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ও কূটনীতিকরা ইসলামাবাদে বৈঠকে মিলিত হন।
বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, সৌদি আরবের বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হুতি গোষ্ঠীর অব্যাহত হামলার বিরুদ্ধে তিন দেশ তীব্র নিন্দা পুনর্ব্যক্ত করেছে।
তিনি আরও বলেন, সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সহায়তা করার প্রচেষ্টা অব্যাহত রাখা এবং আরও জোরদার করার বিষয়ে তিন দেশের সম্মিলিত সংকল্প পুনর্ব্যক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত জুলাই মাসে ইয়েমেনের গৃহযুদ্ধ তীব্রতর হওয়ার পর থেকে হুতি গোষ্ঠী সৌদি আরবের বিভিন্ন শহর, তেল স্থাপনা ও নৌপরিবহন লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। এসব হামলার কারণে সৌদি আরব বারবার নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।
ইসহাক দার জানান, ইসলামাবাদের বৈঠকে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীরা অংশ নেন। এ ছাড়া পাকিস্তানের প্রভাবশালী ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ তিন দেশের সামরিক প্রধানরাও উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রতিরক্ষা শিল্প, যৌথ প্রযুক্তিগত উন্নয়ন, সামরিক প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
তিন দেশের এই উদ্যোগের মধ্য দিয়ে যৌথ প্রতিরক্ষা সহযোগিতার পরিধি বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে জোটে নতুন দেশ অন্তর্ভুক্তির পথ তৈরির প্রচেষ্টা চলছে।
মতামত