ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জ জেলায় আখখেত থেকে আখ তোলার অভিযোগে দুই মাদরাসাছাত্রকে ধাওয়া করে নির্মমভাবে মারধর এবং পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজ হওয়ার কয়েক দিন পর তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নিহতদের একজনের স্বজন। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের কারণে দুই কিশোরকে লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে বলেও দাবি করেছেন তিনি।
দ্য অবজারভার পোস্টের প্রতিবেদন অনুযায়ী, নিহত দুই কিশোরের নাম মোহাম্মদ জায়েদ শহীদি ও আশরাফ আলী। তাদের দুজনের বয়সই ১৪ বছর বলে জানা গেছে। গত ২৫ নভেম্বর জায়েদ এবং পরদিন ২৬ নভেম্বর আশরাফের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আশরাফ আলীর স্বজন মোহাম্মদ শাহাবুদ্দিন সংবাদমাধ্যমটিকে জানান, গত ২৩ নভেম্বর পাঁচ মাদরাসাছাত্র স্থানীয়ভাবে ‘ওয়াসুলি’ নামে পরিচিত অনুদান সংগ্রহের কাজে বের হয়েছিল। হারপুর গ্রাম থেকে ফেরার পথে বাংরা গ্রামের কাছে তাদের ই-রিকশাটি বিকল হয়ে যায়।
চালক গাড়িটি মেরামত করার সময় শিক্ষার্থীরা নেমে পাশের একটি আখখেতে যায়। সেখানে তারা এক বা দুটি আখ তুলেছিল বলে জানান শাহাবুদ্দিন।
তার ভাষ্য অনুযায়ী, ই-রিকশাচালক শিক্ষার্থীদের আখ তুলতে নিষেধ করেছিলেন। কিন্তু জমির মালিক হিসেবে চিহ্নিত সত্যেন্দ্র পাণ্ডে, তাঁর ছেলেরা এবং কয়েকজন গ্রামবাসী শিক্ষার্থীদের ধাওয়া করেন।
শাহাবুদ্দিনের অভিযোগ, অভিযুক্তরা শিক্ষার্থীদের ধরে ফেলে এবং ই-রিকশাচালককেও ব্যাপক মারধর করে। এ সময় আখের ক্ষতিপূরণ হিসেবে ১০ হাজার রুপি দাবি করা হয়।
তিনি আরও জানান, পরে ই-রিকশাচালক মাদরাসা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে মাদরাসার সম্পাদক ও একজন শিক্ষক ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের ছাড়িয়ে আনার চেষ্টা করেন।
শাহাবুদ্দিনের দাবি, চার শিক্ষার্থী ও চালককে একটি পোলট্রি খামারের কাছে আটকে রেখে মারধর করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে, ভয়ে আখখেতে পালিয়ে যাওয়া বাকি দুই শিক্ষার্থীকে প্রায় পাঁচজন ব্যক্তি ধাওয়া করেন বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর দাবি, দীর্ঘ সময় ধাওয়া করার পর ক্লান্ত হয়ে পড়া এবং কাদায় পা আটকে যাওয়ায় ওই দুই কিশোরকে ধরে ফেলা হয়।
শাহাবুদ্দিন বলেন, অভিযুক্তরা দুই শিশুকে ধরে নির্মমভাবে মারধর করেন। এরপর তাদের পুকুরে ফেলে দেওয়া হয়।
নিখোঁজের পর পুকুরে মিলল দুই কিশোরের মরদেহ
ঘটনার পর দুই শিক্ষার্থী নিখোঁজ হয়ে যায়। শাহাবুদ্দিনের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন মাদরাসার শিক্ষক আশপাশের গ্রামগুলোতে তাদের খোঁজাখুঁজি করলেও পরিবারের সদস্যদের বিষয়টি জানাননি।
পরদিন ২৪ নভেম্বর পরিবারগুলোকে নিখোঁজের খবর দেওয়া হয়। এরপর স্থানীয় গ্রামবাসীরাও অনুসন্ধানে যোগ দেন। শাহাবুদ্দিন জানান, নিখোঁজ দুই শিক্ষার্থীকে খুঁজতে প্রায় ৩০ থেকে ৪০টি মোটরসাইকেল নিয়ে লোকজন অনুসন্ধানে অংশ নেন।
তিনি আরও অভিযোগ করেন, অনুসন্ধানের সময় পুলিশের উপস্থিতিতে প্রধান অভিযুক্ত সত্যেন্দ্র পাণ্ডে হুমকিমূলক বক্তব্য দেন। পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি নিজেরাই শিশুদের খুঁজে বের করতে বলেন বলে দাবি করেন শাহাবুদ্দিন।
এ ছাড়া সত্যেন্দ্র পাণ্ডের ছেলে মন্তব্য করেছিলেন, শিশু দুটিকে এতটাই মারধর করা হয়েছে যে তারা যেখানেই থাকুক, সেই মারধরের কথা মনে রাখবে। এমন অভিযোগও করেছেন তিনি।
পরবর্তী দিনগুলোতে অনুসন্ধান অব্যাহত থাকে। ২৫ নভেম্বর ঝোপঝাড় ও কাদামাটিতে ঘেরা একটি বড় পুকুরে ড্রোনের সাহায্যে তল্লাশি চালানো হয়। শাহাবুদ্দিনের দাবি, সেদিন পুকুরে মোহাম্মদ জায়েদের মরদেহ দেখতে পাওয়া যায় এবং পরে তা উদ্ধার করা হয়।
পরদিন ২৬ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে আশরাফ আলীর মরদেহ উদ্ধার করা হয়।
শাহাবুদ্দিন প্রশ্ন তোলেন, দুই কিশোর কীভাবে পুকুরের মাঝখানে পৌঁছাল, যেখানে তাদের কেউই সাঁতার জানত না। তাঁর অভিযোগ, পানিতে ফেলে দেওয়ার আগে তাদের গুরুতরভাবে মারধর করা হয়েছিল। এমনকি তারা মারা যাওয়ার পর অথবা গুরুতর আহত অবস্থায় তাদের পানিতে নিক্ষেপ করা হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
মামলা দায়ের, তদন্তে পুলিশ
শাহাবুদ্দিনের তথ্য অনুযায়ী, ২৭ নভেম্বর এ ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। এতে সত্যেন্দ্র পাণ্ডে, তাঁর ছেলেদের এবং ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠা আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, ই-রিকশাচালক এবং বেঁচে যাওয়া তিন শিক্ষার্থী অভিযুক্তদের শনাক্ত করতে পারবেন।
শাহাবুদ্দিনের আরও অভিযোগ, পুলিশ ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা না করে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করছে। তবে নিহতদের পরিবার মনে করছে, শিশু দুটিকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে।
তবে পরিবারের এসব অভিযোগ এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। শিশু দুটির মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঠিক পরিস্থিতি তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদনের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।
পুলিশের বক্তব্য
পুলিশের দেওয়া এক বিবৃতি অনুযায়ী, ২৪ নভেম্বর রাত ৮টার দিকে থাওয়ে থানায় খবর আসে যে, বারহারিয়া থানার আওতাধীন একটি মাদরাসার পাঁচ শিক্ষার্থী অনুদান সংগ্রহের জন্য হারপুর গ্রামে গিয়েছিল। তাদের মধ্যে তিনজন নিরাপদে ফিরে এলেও বাকি দুজন নিখোঁজ ছিল।
পুলিশ জানায়, এ ঘটনায় থাওয়ে থানায় ২৭০/২৬ নম্বর মামলা নথিভুক্ত করা হয় এবং তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করা হয়।
পরবর্তী সময়ে বাংরা গ্রামের পাণ্ডে টোলি এলাকার একটি নিচু জায়গা থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের বিবৃতিতে বলা হয়, মোহাম্মদ জায়েদ সিওয়ান জেলার বাসিন্দা এবং আশরাফ আলী বারহারিয়া পুরানি বাজার এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ আরও জানায়, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার সব দিক খতিয়ে দেখে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ধর্মীয় পরিচয়ের কারণে লক্ষ্যবস্তু করার অভিযোগ পরিবারের
দ্য অবজারভার পোস্টের সঙ্গে কথা বলার সময় আশরাফ আলীর স্বজন মোহাম্মদ শাহাবুদ্দিন অভিযোগ করেন, দুই কিশোর মাদরাসার শিক্ষার্থী হওয়ায় এবং ধর্মীয় পোশাক পরিধান করায় তাদের লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে।
তিনি জানান, ঘটনার সময় শিক্ষার্থীরা কুর্তা-পায়জামা ও টুপি পরিহিত ছিল।
শাহাবুদ্দিন বলেন, ‘তারা অন্য কোনো সম্প্রদায়ের শিশু হলে এমন ঘটনা ঘটত না।’
তাঁর অভিযোগ, ধর্মীয় পরিচয়ের কারণে শিশু দুটিকে লক্ষ্য করে সংঘবদ্ধ হামলা চালানো হয়ে থাকতে পারে। ঘটনাটিকে ধর্মীয় পরিচয়কেন্দ্রিক সংঘবদ্ধ সহিংসতার ঘটনা হিসেবেও বিবেচনা করা উচিত বলে তিনি মনে করেন।
তিনি আরও দাবি করেন, প্রধান অভিযুক্ত সত্যেন্দ্র পাণ্ডে ও তাঁর পরিবার এলাকায় প্রভাবশালী। এ কারণে অভিযুক্তদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে স্থানীয় অনেকেই ভয় পাচ্ছেন।
নিহত দুই কিশোরের পরিবার এফআইআরে নাম উল্লেখ করা প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। শাহাবুদ্দিন জানান, তারা অভিযুক্তদের গ্রেপ্তারের অপেক্ষায় রয়েছেন। কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরিবার ও স্থানীয়দের নিয়ে প্রতিবাদ কর্মসূচি আয়োজনের কথাও ভাবছেন।
মতামত