ইসরায়েলি হামলার কারণে গাজা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানে পরিণত হয়েছে ত্রাণকর্মীদের জন্য। সেখানে নারী, শিশু, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও মানবিক সহায়তাকর্মীসহ বেসামরিক মানুষের ওপর নির্বিচার হামলা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুশ।
শুক্রবার (২৭ নভেম্বর) অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় মিকতা (MIKTA) জোটভুক্ত দেশগুলোর পার্লামেন্ট স্পিকারদের ১২তম সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনের শিরোনাম ছিল, ‘মানবিক নীতি ও ত্রাণকর্মীদের সুরক্ষা: পার্লামেন্টগুলো কীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে?’
২০১৩ সালে প্রতিষ্ঠিত মিকতা জোটে রয়েছে মেক্সিকো, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও অস্ট্রেলিয়া।
বক্তব্যে নুমান কুরতুলমুশ বলেন, মানবিক সহায়তা কেবল সংকটের সময় মানুষের জরুরি প্রয়োজন মেটানোর একটি উদ্যোগ নয়; বরং এটি মানবিক মর্যাদা রক্ষার সঙ্গে সম্পর্কিত একটি নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, দীর্ঘস্থায়ী সংঘাত, ব্যাপক অভিবাসন, রাজনৈতিক অস্থিতিশীলতা ও জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী মানবিক সহায়তা কার্যক্রম আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। একই সঙ্গে প্রয়োজনীয় সহায়তা এবং বিদ্যমান সম্পদের মধ্যে ব্যবধান ক্রমেই বাড়ছে। বিশেষ করে কয়েকটি দেশ মানবিক সহায়তার অর্থায়ন কমিয়ে দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
তুরস্কের পার্লামেন্ট স্পিকার জানান, ২০২৫ সালে গাজায় ১৮৬ জন মানবিক সহায়তাকর্মী নিহত হয়েছেন। একই বছরে বিশ্বজুড়ে নিহত ত্রাণকর্মীর মোট সংখ্যা ছিল প্রায় ৩৮৪ জন।
তিনি বলেন, ত্রাণকর্মী ও জাতিসংঘের কর্মীদের লক্ষ্য করে চালানো হামলা এবং বিশেষ করে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে আরোপিত বিধিনিষেধের বিষয়টি কোনোভাবেই ভুলে যাওয়া উচিত নয়। ত্রাণ কার্যক্রমে বাধা দেওয়াকে তিনি ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে অভিহিত করেন।
কুরতুলমুশ সংঘাতপূর্ণ অঞ্চলে ত্রাণকর্মীদের সুরক্ষায় রাজনৈতিক সদিচ্ছাকে বাস্তব ও কার্যকর পদক্ষেপে রূপ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তাঁদের ওপর হামলার ঘটনায় জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি মানবিকতা, নিরপেক্ষতা, বৈষম্যহীনতা ও স্বাধীনতার নীতি সমুন্নত রাখার পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং ত্রাণবাহী বহরের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। এ লক্ষ্যে পার্লামেন্টগুলোর মধ্যে একটি যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ এবং মানবিক নীতি রক্ষায় পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রস্তাব দেন।
এ ছাড়া গাজায় মানবিক সহায়তা প্রবেশের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং অন্যায়ভাবে আটক ত্রাণকর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি। বিশেষ করে আটক জাতিসংঘের কর্মীদের মুক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
সিরীয় শরণার্থীদের আশ্রয় দেওয়ায় তুরস্কের ভূমিকা তুলে ধরেন কুরতুলমুশ
বক্তব্যে তুরস্কে সিরীয় শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিষয়টিও তুলে ধরেন নুমান কুরতুলমুশ।
তিনি জানান, ২০১১ সালে শুরু হওয়া যুদ্ধের কারণে সিরিয়া থেকে পালিয়ে আসা প্রায় ৪০ লাখ মানুষকে ২০২১ সাল নাগাদ আশ্রয় দিয়েছিল তুরস্ক। এসব শরণার্থীর জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করেছিল দেশটি।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৮ ডিসেম্বর বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় নতুন প্রশাসন প্রতিষ্ঠা এবং শান্তি ফিরে আসার প্রেক্ষাপটে স্বেচ্ছায় ও নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার কারণে তুরস্কে সিরীয় শরণার্থীর সংখ্যা কমে প্রায় ২০ লাখে দাঁড়িয়েছে। অর্থাৎ তাঁদের প্রায় অর্ধেক নিজ দেশে ফিরে গেছেন।
এদিকে অস্ট্রেলিয়ার সিনেটের প্রেসিডেন্ট সু লাইনস সিরীয় শরণার্থীদের আশ্রয় দেওয়ায় তুরস্কের প্রশংসা করেন।
তিনি বলেন, আঙ্কারা বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছে যে মানবিক কার্যক্রম কেবল অর্থ ও জনবল সরবরাহের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সংঘাত ও সংকট থেকে পালিয়ে আসা মানুষদের আশ্রয় দেওয়াও এর গুরুত্বপূর্ণ অংশ।
মতামত