আফগানিস্তানের নিমরোজ প্রদেশের জারাঞ্জ শহরে জুমার নামাজের নির্ধারিত সময়ে দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে ৫৩টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রদেশটির সৎকাজের আদেশ, অসৎকাজে নিষেধ ও অভিযোগ গ্রহণবিষয়ক অধিদপ্তরের তদারককারীরা এ অভিযান পরিচালনা করেন।
নিমরোজ প্রদেশের সৎকাজের আদেশ, অসৎকাজে নিষেধ ও অভিযোগ গ্রহণবিষয়ক বিভাগের প্রধান মাওলানা আল্লাহ নূর জারকাভি জানান, জারাঞ্জ শহরের পাঁচটি এলাকায় পরিদর্শন ও তদারকির অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সকাল ১১টা ৩০ মিনিটের পর এ অভিযান শুরু হয়। এ সময় হাতে বহনযোগ্য মাইকের মাধ্যমে দোকানমালিক ও ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়, যেন তাঁরা নিজেদের বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করে জুমার নামাজ আদায়ের জন্য জামে মসজিদে যান।
জারকাভির ভাষ্য অনুযায়ী, দুপুর ১২টা ৩০ মিনিটের পরও যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা ছিল, সেগুলো সিলগালা করা হয়।
এ ছাড়া নিয়ম লঙ্ঘনের অভিযোগে ১৪ জনকে সংশ্লিষ্ট অধিদপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বৈঠক আয়োজনের পর তাঁদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয় যে, ভবিষ্যতে জুমার নামাজের জন্য নির্ধারিত সময়ে তাঁরা নিজেদের দোকান বন্ধ রাখবেন।
মতামত