ভারতে ২০১৪ সালে বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পর খ্রিষ্টানদের ওপর সহিংসতা ও নিপীড়নের ঘটনা প্রায় ৪০৮ শতাংশ বেড়েছে। ইভানজেলিক্যাল ফেলোশিপ অব ইন্ডিয়ার ধর্মীয় স্বাধীনতা কমিশনের (EFIRLC) সংকলিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।
কমিশনের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে খ্রিষ্টানদের বিরুদ্ধে সহিংসতার ১৪৭টি ঘটনা নথিভুক্ত হয়েছিল। ২০২৫ সালে যাচাই করা ঘটনার সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৭টিতে, যা আগের সংখ্যার পাঁচ গুণেরও বেশি। এ সংখ্যা ২০২৪ সালের ৬৪০টি এবং ২০২৩ সালের ৬০১টি ঘটনার চেয়েও বেশি। এতে গত এক দশকে ভারতে খ্রিষ্টানদের বিরুদ্ধে সহিংসতার ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা ফুটে উঠেছে।
শুক্রবার নয়াদিল্লিতে কারওয়ান-ই-মহব্বত প্রকাশিত Fear and Expulsion: The Price of Being Christian in India শীর্ষক পৃথক একটি জাতীয় প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ইএফআইআরএলসির এই পরিসংখ্যান আবারও সামনে আসে।
ইএফআইআরএলসির প্রতিবেদনে যা বলা হয়েছে
‘ভারতে খ্রিষ্টানদের বিরুদ্ধে বিদ্বেষ ও লক্ষ্যবস্তু করে সহিংসতা: ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন’ শিরোনামে ইএফআইআরএলসির প্রতিবেদনটি ২০২৬ সালের ২৫ মার্চ প্রকাশিত হয়। দেশজুড়ে মাঠপর্যায়ের সমন্বয়ক, আইন উপদেষ্টা, সহযোগী সংগঠন এবং ভুক্তভোগী ও গির্জার নেতাদের সাক্ষ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
২০২৫ সালে কমিশন ৯১৫টির বেশি ঘটনার অভিযোগ পেয়েছিল। তবে মাঠপর্যায়ে পরিদর্শন, ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা, নথিপত্র পরীক্ষা এবং সম্ভব হলে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে যাচাই শেষে ৭৪৭টি ঘটনা প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়। কোনো ঘটনা অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে অন্তত দুটি স্বাধীন সূত্রের মাধ্যমে তথ্য নিশ্চিত হওয়ার শর্ত রেখেছিল কমিশন।
ইএফআইআরএলসি ২০০৯ সাল থেকে প্রতিবছর এ ধরনের ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে। এ ছাড়া ১৯৯৮ সাল থেকে ধর্মীয় স্বাধীনতাসংক্রান্ত ঘটনাও নথিভুক্ত করে আসছে সংস্থাটি।
কমিশনের দাবি, যাচাই করা ঘটনাগুলো প্রকৃত ঘটনার তুলনায় খুবই সামান্য অংশ। প্রতিশোধের আশঙ্কা, সামাজিক কলঙ্ক, পুলিশের নিষ্ক্রিয়তা কিংবা আইনি সহায়তা পাওয়ার সুযোগ না থাকায় অনেক ভুক্তভোগী অভিযোগ করেন না। বিশেষ করে গ্রামীণ এলাকায় এ সমস্যা বেশি।
ভারতের মোট জনসংখ্যার প্রায় ২ দশমিক ৩ শতাংশ খ্রিষ্টান।
ইভানজেলিক্যাল ফেলোশিপ অব ইন্ডিয়ার মহাসচিব বিজয়েশ লাল বলেন, ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের পরিস্থিতির দ্রুত অবনতি গভীর উদ্বেগের বিষয়। তাঁর ভাষ্য, জোরপূর্বক ধর্মান্তরের মিথ্যা অভিযোগকে প্রায়ই সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন, “এই প্রতিবেদনের প্রতিটি সংখ্যার পেছনে একজন মানুষ রয়েছেন, যার স্বাধীনভাবে ধর্মীয় উপাসনা করার সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়েছে। আমরা বিশেষ কোনো সুবিধা চাইছি না। আমরা আইনের সমান সুরক্ষা চাইছি।”
কোন রাজ্যে সহিংসতার ঘটনা বেশি
প্রতিবেদনে ভারতের উত্তর, মধ্য, দক্ষিণ, পশ্চিম ও পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে খ্রিষ্টানদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। তবে মোট ঘটনার প্রায় অর্ধেকই ঘটেছে দুটি রাজ্যে।রাজ্যভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী:
উত্তর প্রদেশ: ২১৭টি ঘটনা, যা জাতীয় মোট ঘটনার প্রায় এক-তৃতীয়াংশ।
- ছত্তিশগড়: ১৭৭টি।
- রাজস্থান: ৫১টি।
- মধ্যপ্রদেশ: ৪৭টি।
- হরিয়ানা: ৩৮টি।
- কর্ণাটক: ৩১টি।
- ঝাড়খণ্ড: ৩০টি।
- বিহার: ২৫টি।
- মহারাষ্ট্র: ২০টি।
- পাঞ্জাব: ২০টি।
- ওডিশা: ১৯টি।
- অন্ধ্রপ্রদেশ: ১৩টি।
- গুজরাট: ১২টি।
- উত্তরাখণ্ড: ১০টি।
- পশ্চিমবঙ্গ: ৮টি।
- জম্মু ও কাশ্মীর: ৬টি।
- হিমাচল প্রদেশ: ৬টি।
- তেলেঙ্গানা: ৬টি।
- দিল্লি: ৫টি।
- আসাম: ৩টি।
- তামিলনাড়ু: ৩টি।
প্রতিবেদনে সহিংসতার একটি পুনরাবৃত্ত ধরন চিহ্নিত করা হয়েছে। প্রথমে বেআইনিভাবে ধর্মান্তরের অভিযোগ তোলা হয়। এরপর প্রার্থনা সভা বা ধর্মীয় উপাসনায় বাধা, আটক কিংবা সহিংসতার ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে বেআইনি ধর্মান্তরের অভিযোগের পর প্রার্থনা সভা ও ধর্মীয় উপাসনা বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযোগ দায়েরের পর যাজক ও উপাসনায় অংশগ্রহণকারীদের কখনো কখনো আটক করা হয়েছে কিংবা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন ঘটনায় উপাসনালয়ের বাইরে জনতা জড়ো হয়ে হুমকি দিয়েছে এবং ধর্মীয় সমাবেশ বন্ধের দাবি জানিয়েছে। গ্রামাঞ্চলে সামাজিক চাপও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রায়ই বিলম্বিত, অসংগতিপূর্ণ কিংবা যথাযথ আইনি প্রক্রিয়াবহির্ভূত ছিল বলে কমিশন জানিয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ গ্রহণে বাধা এবং সময়মতো নিরাপত্তা না পাওয়ার কথাও জানিয়েছেন।
ধর্মান্তরবিরোধী আইনকে নিপীড়নের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত
প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মান্তরবিরোধী আইন, যেগুলো সরকারি ভাষায় ‘ধর্মীয় স্বাধীনতা আইন’ নামে পরিচিত, খ্রিষ্টানদের ওপর নিপীড়নের অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করছে। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বক্তারা জানান, ভারতের ১৩টি রাজ্যে ধর্মান্তর নিয়ন্ত্রণসংক্রান্ত আইন কার্যকর রয়েছে।
উত্তর প্রদেশে স্থানীয় বিভিন্ন গোষ্ঠী নিয়মিত ধর্মীয় উপাসনা পরিচালনাকারী যাজকদের বিরুদ্ধে রাজ্যের ‘বেআইনি ধর্মান্তর নিষিদ্ধকরণ আইন’ প্রয়োগের দাবি জানিয়ে আসছে। প্রতিবেদনে বলা হয়েছে, কোনো প্রমাণ প্রতিষ্ঠার আগেই পুলিশ খ্রিষ্টানদের আটক বা জিজ্ঞাসাবাদ করেছে। কয়েকটি ঘটনায় শুধু প্রার্থনার জন্য একত্র হওয়াকেই ফৌজদারি অভিযোগ দায়েরের সম্ভাব্য ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে।
এদিকে রাজস্থান ২০২৫ সালে ‘ধর্মের বেআইনি ধর্মান্তর নিষিদ্ধকরণ বিল’ পাস করেছে। এর ফলে ধর্মান্তরবিরোধী আইন কার্যকর থাকা রাজ্যগুলোর তালিকা আরও দীর্ঘ হয়েছে।
কারওয়ান-ই-মহব্বতের প্রতিবেদনে বলা হয়েছে, এসব আইনে ‘বলপ্রয়োগ’, ‘প্রতারণা’ ও ‘প্রলোভন’ শব্দগুলোর সংজ্ঞা অস্পষ্ট। এ ছাড়া প্রলোভনের ব্যাপক সংজ্ঞা, আগাম নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা, অভিযোগ প্রমাণের দায় অভিযুক্তের ওপর চাপানো এবং কঠোর শাস্তির বিধান নিয়েও সমালোচনা করা হয়েছে।
কারওয়ান-ই-মহব্বতের প্রতিবেদনে আরও যেসব তথ্য উঠে এসেছে
কারওয়ান-ই-মহব্বতের পৃথক প্রতিবেদনে ব্যক্তিগত পর্যায়ের সহিংসতার বাইরেও খ্রিষ্টানদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সামাজিক ও অর্থনৈতিক নিপীড়নের চিত্র তুলে ধরা হয়েছে।
এর মধ্যে রয়েছে সামাজিক বয়কট, গ্রাম থেকে উচ্ছেদ, অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করা, ধর্মীয় বিশ্বাস ত্যাগ না করায় জরিমানা, গির্জা ও বাড়িতে পরিচালিত উপাসনালয় ভাঙচুর এবং মৃত ব্যক্তিকে দাফনের অধিকার থেকে বঞ্চিত করা।
প্রতিবেদনে বলা হয়েছে, কিছু পরিবারকে গ্রামের নির্ধারিত কবরস্থানে তো নয়ই, এমনকি নিজেদের ব্যক্তিগত জমিতেও স্বজনদের দাফন করতে বাধা দেওয়া হয়েছে।
ভুক্তভোগীদের সাক্ষ্যে শারীরিক নির্যাতন, প্রকাশ্যে পোশাক খুলে অপমান করা, জনসমক্ষে ঘোরানো এবং যৌন সহিংসতার ঘটনাও উঠে এসেছে।
বেঁচে ফেরা ভুক্তভোগীরা পুলিশের নিষ্ক্রিয়তা, অভিযোগ গ্রহণে অস্বীকৃতি, ভুক্তভোগীদের বিরুদ্ধেই পাল্টা মামলা, আপস-মীমাংসায় বাধ্য করার চেষ্টা এবং কিছু ক্ষেত্রে ভয়ভীতি প্রদর্শনে পুলিশের কথিত অংশগ্রহণের অভিযোগ করেছেন।
প্রতিবেদনে ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরামের (UCF) তথ্যও উল্লেখ করা হয়েছে। সংস্থাটির হেল্পলাইন ২০২৬ সালের এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত ৫৩১টি ঘটনার তথ্য নথিভুক্ত করেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিসংখ্যানও সহিংসতার ধারাবাহিক প্রবণতার ইঙ্গিত দেয়।
বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও উদ্বেগ
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ভারতের জাতীয় নারী কমিশনের সাবেক সদস্য সায়েদা হামিদ বলেন, হিন্দুত্ববাদী শক্তিগুলো খ্রিষ্টানদের বিরুদ্ধে সহিংসতাকে একটি ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে। তাঁর মতে, ২০১৪ সালের পর থেকে এ প্রবণতা আরও তীব্র হয়েছে।
তিনি বলেন, ধর্মান্তরের অভিযোগ তুলে খ্রিষ্টানদের আনুগত্য নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এবং এমনকি তাদের মৃত স্বজনদের দাফনের মর্যাদা থেকেও বঞ্চিত করা হচ্ছে।
জ্যেষ্ঠ আইনজীবী কলিন গনসালভেস খ্রিষ্টানদের বিরুদ্ধে নথিভুক্ত বিদ্বেষমূলক অপরাধের বিষয়ে ভারতের সুপ্রিম কোর্টের ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, আদিবাসী খ্রিষ্টানদের বিরুদ্ধে ধর্মান্তরবিরোধী আইন বেছে বেছে প্রয়োগ করা হচ্ছে এবং তাদের উপাসনা ও দাফনের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। অপরাধীদের জবাবদিহির আওতায় না আনলে তারা আরও উৎসাহিত হবে বলেও সতর্ক করেন তিনি।
ভারতের সাবেক প্রধান তথ্য কমিশনার ওয়াজাহাত হাবিবুল্লাহ বলেন, খ্রিষ্টানদের বিরুদ্ধে সহিংসতা, বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও বাড়িতে পরিচালিত উপাসনালয়গুলোর ওপর হামলা, আরও গভীর সামাজিক সমস্যার প্রতিফলন। এটি ভারতের অন্তর্ভুক্তিমূলক ঐতিহ্যের জন্য হুমকি। তিনি সব ধর্মের মানুষের সম্মিলিত প্রতিরোধের আহ্বান জানান।
জন দয়াল ১৯৯৮ সালের বড়দিনের আগের রাতে গুজরাটে খ্রিষ্টানদের ওপর হামলা এবং ১৯৯৯ সালের জানুয়ারিতে গ্রাহাম স্টেইনস ও তাঁর দুই ছেলেকে হত্যার ঘটনা স্মরণ করেন। তিনি বলেন, এসব ঘটনা লক্ষ্যবস্তু করে সহিংসতার দীর্ঘস্থায়িত্ব এবং প্রাতিষ্ঠানিক নীরবতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে।
হর্ষ মন্দার বলেন, খ্রিষ্টানদের ওপর নিপীড়ন শুধু গির্জায় হামলার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে পরিকল্পিত অপমান, সামাজিক বিচ্ছিন্নতা এবং অর্থনৈতিকভাবে বঞ্চিত করার বিষয়ও জড়িত। এসব নিপীড়নের শিকার হচ্ছেন সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ।
লেখক গীতা হরিহরণ বলেন, ধর্মান্তরবিরোধী আইন জাতপাতভিত্তিক সামাজিক শ্রেণিবিন্যাসকে আরও শক্তিশালী করছে। এসব আইন ধর্মীয় সিদ্ধান্ত গ্রহণকে অপরাধ হিসেবে দেখানোর মাধ্যমে দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর পরিচয় ও মর্যাদা কেড়ে নিচ্ছে। অনেক ক্ষেত্রে এতে রাষ্ট্রীয় মদদও রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
সাংসদ সাকেত গোখলে বলেন, ভারতের ১৩টি রাজ্যে কার্যকর ধর্মান্তরবিরোধী আইন সংবিধানের ২৫ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধানের এই অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। তিনি বলেন, এই লড়াই সংখ্যালঘুদের বিশেষ সুবিধার জন্য নয়, বরং সমান অধিকারের জন্য।
জয়া হাসান খ্রিষ্টানদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অবদানের বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে ভিত্তিহীন ধর্মান্তরের অভিযোগ, দলিত খ্রিষ্টানদের তফসিলি জাতির মর্যাদা না দেওয়া এবং ২০২৬ সালের বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন সংশোধনী বিলের (FCRA Amendment Bill, 2026) মাধ্যমে সৃষ্ট নিয়ন্ত্রক চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সাগরিকা ঘোষ তাঁর বক্তব্যে পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় খ্রিষ্টানদের বিরুদ্ধে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও সামাজিকভাবে একঘরে করে রাখার ঘটনা তুলে ধরেন। এসব ঘটনায় রাষ্ট্রীয় মদদ ও পুলিশের উদাসীনতার অভিযোগও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া ২০২৬ সালের বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন সংশোধনী বিল নিয়ে সতর্ক করে তিনি বলেন, প্রস্তাবিত পরিবর্তন খ্রিষ্টানদের পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর প্রভাব ফেলতে পারে।
মতামত